বৈশ্বিক ইন্টারনেট নেটওয়ার্ক আরো শক্তিশালী করতে মহাকাশে সফলভাবে ২৪টি স্টারলিংক স্যাটেলাইট পাঠিয়েছে মার্কিন মহাকাশ গবেষণা প্রতিষ্ঠান স্পেসএক্স। ক্যালিফোর্নিয়ার ভ্যানডেনবার্গ স্পেস ফোর্স বেস থেকে একটি ফ্যালকন ৯ রকেটের সাহায্যে এই স্যাটেলাইটগুলো উৎক্ষেপণ করা হয়।

স্পেসএক্স জানিয়েছে, সফল উৎক্ষেপণ শেষে রকেটটির প্রথম পর্যায়ের বুস্টারটি প্রশান্ত মহাসাগরে অবস্থানরত একটি ড্রোনশিপে (স্বয়ংক্রিয় জাহাজ) নিরাপদে অবতরণ করেছে। এর মাধ্যমে রকেটের যন্ত্রাংশ পুনঃব্যবহার করার যে নিয়মিত কর্মসূচি রয়েছে কম্পানির, তা সফলভাবে অব্যাহত থাকল।

এই বিশেষ মিশনের মূল লক্ষ্য হলো বিশ্বজুড়ে স্টারলিংক স্যাটেলাইট নেটওয়ার্কের পরিধি আরো বাড়ানো। এর মাধ্যমে বিশেষ করে বিশ্বের প্রত্যন্ত ও দুর্গম অঞ্চলগুলোতে উচ্চ-গতির (হাই-স্পিড) ইন্টারনেট সেবা পৌঁছে দেওয়া যাবে।

এই সম্প্রসারণের ফলে ভবিষ্যতে কোনো ধরনের বিশেষ ব্যবহারকারী টার্মিনাল বা আলাদা ডিভাইসের প্রয়োজন ছাড়াই সাধারণ মোবাইল ফোন থেকে সরাসরি স্যাটেলাইটের মাধ্যমে সেলুলার সংযোগ চালু করার প্রক্রিয়া সহজ হবে।