পটুয়াখালীতে চাঞ্চল্যকর কলেজ শিক্ষার্থী সিয়াম (১৭) হত্যা মামলার অন্যতম অভিযুক্ত মোঃ শুভ সিকদার (১৮)-কে লালমনিরহাট জেলার পাটগ্রাম থানা এলাকা থেকে গ্রেফতার করেছে র‍্যাব। বৃহস্পতিবার (২ জানুয়ারি ২০২৬) ভোররাতে র‍্যাব-৮ ও র‍্যাব-১৩ এর যৌথ অভিযানে তাকে গ্রেফতার করা হয়।

র‍্যাব-৮, সিপিসি-১ পটুয়াখালী ক্যাম্প এবং র‍্যাব-১৩, সিপিএসসি রংপুরের একটি যৌথ আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার রাত আনুমানিক ১টা ৩০ মিনিটে লালমনিরহাট জেলার পাটগ্রাম থানা এলাকা থেকে অভিযুক্ত শুভ সিকদারকে আটক করে। সে পটুয়াখালী জেলার মির্জাগঞ্জ থানার পিপড়াখালী গ্রামের জালাল সিকদারের ছেলে।

মামলার এজাহার সূত্রে জানা যায়, নিহত সিয়াম গত ১৮ ডিসেম্বর ঢাকা থেকে পটুয়াখালীর মাদারবুনিয়া এলাকায় তার নানাবাড়িতে বেড়াতে আসে। ২৩ ডিসেম্বর ২০২৫ দুপুর আনুমানিক ৩টা ১৫ মিনিটে সিয়াম তার খালাত ভাই আব্দুল্লাহ আল মামুনের সঙ্গে সুবিদখালী সরকারি কলেজের উত্তর পাশের বালুর মাঠে ঘুরতে গেলে সেখানে আগে থেকেই ওৎ পেতে থাকা একদল সন্ত্রাসী তাদের গতিরোধ করে। পরিচয় জানতে চাওয়াকে কেন্দ্র করে বাকবিতণ্ডার একপর্যায়ে সন্ত্রাসীরা লাঠি দিয়ে সিয়ামের মাথা ও শরীরের বিভিন্ন স্থানে নির্মমভাবে আঘাত করে।

মারধরের ফলে গুরুতর আহত অবস্থায় সিয়াম মাটিতে লুটিয়ে পড়লে অভিযুক্তরা তাকে নিজেদের মোটরসাইকেলে করে মির্জাগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গিয়ে ফেলে রেখে পালিয়ে যায়। ওই দিন বিকেল ৩টা ৪৫ মিনিটে কর্তব্যরত চিকিৎসক সিয়ামকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় নিহতের বাবা বাদী হয়ে মির্জাগঞ্জ থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।

র‍্যাব সূত্র জানায়, ২৩ ডিসেম্বর ২০২৫ দুপুরে নির্মম এই হত্যাকাণ্ডের পরপরই র‍্যাব-৮ ঘটনাটির ছায়া তদন্ত শুরু করে। ঘটনার ১২ ঘণ্টার মধ্যেই মামলার ১ নম্বর ও ২ নম্বর অভিযুক্তকে গ্রেফতার করা হয়। ধারাবাহিক অভিযানের অংশ হিসেবে বৃহস্পতিবার মামলার অন্যতম অভিযুক্ত শুভ সিকদারকে লালমনিরহাট থেকে গ্রেফতার করা সম্ভব হয়।

গ্রেফতারকৃত অভিযুক্তকে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য রংপুর মহানগর কোতয়ালী থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানায় র‍্যাব।

র‍্যাব-৮, সিপিসি-১ পটুয়াখালী ক্যাম্পের কোম্পানি অধিনায়ক স্কোয়াড্রন লিডার রাশেদ বিষয়টি নিশ্চিত করেছেন।