বিএনপির কেন্দ্রীয় কমিটির সহ- সভাপতি, পটুয়াখালী -১ আসনের (দুমকী – পটুয়াখালী সদর  ও মির্জাগঞ্জ) বিএনপি মনোনীত প্রার্থী সাবেক স্বরাষ্ট্র ও বাণিজ্য মন্ত্রী এয়ার ভাইস মার্শাল (অবঃ) আলহাজ্ব আলতাফ হোসেন চৌধুরী বলেছেন – শেখ হাসিনা দিল্লিতে বসে আসন্ন নির্বাচন বানচালের ষড়যন্ত্র করছে, বিএনপি প্রার্থীদের চরিত্র হরন সহ তাদের হত্যার ষড়যন্ত্র করছে। সম্প্রতি ঢাকাতে যে সিরিজ অগ্নিকান্ড হয়েছে এগুলো এমনি এমনি হচ্ছে না, এগুলো তাদের কাজ।
আজ সোমবার (২৪ নভেম্বর) বিকাল সাড়ে ৪টায় মজিদবাড়িয়া ইউনিয়নের ভয়াং শরাফতিয়া মাধ্যমিক বিদ্যালয় মাঠে মজিদবাড়ীয়া ইউনিয়ন বিএনপির উদ্যোগে আয়োজিত নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি আরো বলেন, একটি দেশের প্রধানমন্ত্রী পালানোর কোন নজির বিশ্বে নাই, আমাদের সন্তানদের আন্দোলনের মুখে শেখ হাসিনা  পালিয়ে গেছে, সে একা পালায়নি, এমনকি তার মন্ত্রী, এমপি, স্পীকারও পালিয়েছে। যাওয়ার আগে শেখ হাসিনা নির্বাচন কমিশনসহ সকল প্রতিষ্ঠান ধ্বংস করে দিয়ে গেছে। গত ১৫ বছর আ’লীগের অত্যাচার – নিপীড়ন ও মিথ্যা মামলায় বহু কর্মী পরিবার পরিজন ছেড়ে পালিয়ে ঢাকায় গিয়ে  দিনমজুর কাজ করে ও রিক্সা চালিয়ে জীবিকা নির্বাহ করেছে। আমার নামে বহু মিথ্যা মামলা দিয়েছে, মিথ্যা মামলায় আমি ৮শত বারের উপরে আদালতে হাজিরা দিয়েছি।
মজিদবাড়ীয়া ইউনিয়ন বিএনপির সিনিয়র সহ সভাপতি অধ্যক্ষ মোঃ ফারুক ইকবাল এর সভাপতিত্বে  ও মজিদবাড়ীয়া ইউনিয়ন বিএনপির সাধারন সম্পাদক মোঃ মোজাম্মেল হোসেন মৃধার সঞ্চালনায় জনসভয় বক্তব্য দেন মির্জাগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি আলহাজ্ব মোঃ সাহাবুদ্দিন নান্নু মুন্সী, উপজেলা বিএনপির সাধারন সম্পাদক মোঃ জাহাঙ্গীর হোসাইন ফরাজী, উপজেলা বিএনপির সাবেক সভাপতি মোঃ আশ্রাফ আলী হাওলাদার, কাকড়াবুনিয়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক কামাল হোসেন হাং, মজিদবাড়ীয়া ইউনিয়ন সাংগঠনিক সম্পাদক আঃ ছালাম নয়ন ও মজিদবাড়ীয়া ইউনিয়ন বিএনপির সাধারন সম্পাদক মোঃ মোজাম্মেল হোসেন মৃধা প্রমূখ।
নির্বাচনী জনসভায় উপজেলা বিএনপির সিনিয়র নেতৃবৃন্দসহ বিভিন্ন ইউনিয়ন বিএনপি ও সহোযোগী অঙ্গ সংগঠনের ৩ সহস্রাধিক নেতা কর্মী উপস্থিত ছিলেন।