বরিশালের মেহেন্দিগঞ্জে জুলাই সনদ বাস্তবায়ন এবং পিআর (Proportional Representation) পদ্ধতিতে জাতীয় নির্বাচনসহ পাঁচ দফা গণদাবি আদায়ের লক্ষ্যে বাংলাদেশ জামায়াতে ইসলামী ও ইসলামী আন্দোলন বাংলাদেশের উদ্যোগে পৃথক পৃথক বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (২৬ সেপ্টেম্বর) বাদ আসর থানা কেন্দ্রীয় জামে মসজিদ মাঠ থেকে জামায়াতের বিক্ষোভ মিছিল বের হয়ে পাতারহাট বন্দরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে পুনরায় একই স্থানে সমাবেশে মিলিত হয়।

সমাবেশে সভাপতিত্ব করেন উপজেলা জামায়াতের আমির মাওলানা সহিদুল ইসলাম। প্রধান অতিথি ছিলেন বরিশাল-৪ (হিজলা-মেহেন্দিগঞ্জ) আসনের সংসদ সদস্য পদপ্রার্থী অধ্যাপক আব্দুল জব্বার। উপজেলা জামায়াতের সেক্রেটারি অধ্যাপক মাওলানা সাইফুল্লাহর সঞ্চালনায় অনুষ্ঠিত সমাবেশে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরিশাল জেলা কর্মপরিষদ সদস্য আলহাজ্ব সাইফুর রহমান, উপজেলা নায়েবে আমির মাওলানা মহিউদ্দিন, পৌর আমির মাওলানা আমানউল্লাহ বাকের, হাফেজ মাওলানা মাহবুব আলমসহ স্থানীয় নেতৃবৃন্দ।

অপরদিকে একই সময়ে পাতারহাট ইসলামিয়া সিনিয়ার ফাজিল মাদ্রাসা মাঠ থেকে ইসলামী আন্দোলন বাংলাদেশের বিক্ষোভ মিছিল বের হয়ে বন্দর এলাকার প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে মুক্তিযোদ্ধা পার্ক বালুর মাঠে সমাবেশে মিলিত হয়।

সমাবেশে সভাপতিত্ব করেন ইসলামী আন্দোলন মেহেন্দিগঞ্জ উপজেলা শাখার সভাপতি ইঞ্জিনিয়ার গাজী মোঃ জাহাঙ্গীর হোসেন। বক্তব্য রাখেন সহ-সভাপতি সুলতানা আহমেদ বেপারী, সেক্রেটারি আসাদুল্লাহ আল গালিব, জয়েন্ট সেক্রেটারি মাওলানা সাইফুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক মাওলানা ইমরান হোসাইন আনসারীসহ অন্যান্য নেতৃবৃন্দ।

বক্তারা বলেন, “পিআর পদ্ধতিতে নির্বাচন হলে কোনো ভোট নষ্ট হবে না, কোনো দল ফ্যাসিস্ট হতে পারবে না। অর্থশালী কিংবা সন্ত্রাসীরা কেন্দ্র দখল করে নির্বাচন বানচাল করতে পারবে না। তাই আমরা পিআর পদ্ধতির নির্বাচন চাই এবং বিজয় নিয়ে ঘরে ফিরতে চাই, ইনশাআল্লাহ।”

পরে মুসলিম উম্মাহর শান্তি কামনা এবং জুলাই আন্দোলনের শহীদদের আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।

এসময় দুই দলের পৃথক পৃথক সমাবেশ ও বিক্ষোভ মিছিলে বিপুল সংখ্যক সাধারণ মানুষ অংশগ্রহণ করেন।