অসহায় ও হতদরিদ্র মানুষের দোরগোড়ায় স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে পটুয়াখালীতে ভয়েজ ফর হিউম্যানিটি’র উদ্যোগে দিনব্যাপি এক বিনামূল্যের স্বাস্থ্য ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (১৯ সেপ্টেম্বর) সকাল ৯টায় পটুয়াখালী সদর উপজেলার আউলিয়াপুর আদর্শ মাধ্যমিক বিদ্যালয় প্রাঙ্গণে মেহের আফরোজ ফাউন্ডেশনের আয়োজনে এবং ড্রিমার্স কনসাল্টেশন এন্ড রিসার্চ ও পটুয়াখালী ক্লিনিকের সহযোগিতায় এ ক্যাম্প অনুষ্ঠিত হয়। পুরো আয়োজনের সার্বিক তত্ত্বাবধানে ছিলেন প্রফেসর ডা. মেজর আব্দুল ওহাব মিনার ও ইঞ্জিনিয়ার মো. কামাল হোসেন।

ক্যাম্পে প্রায় সহস্রাধিক রোগীকে শিশু বিভাগ, হৃৎরোগ ও বক্ষব্যাধি, নাক-কান-গলা ও চক্ষু, নিউরো ও মেডিসিন, পরিপাকতন্ত্র, লিভার ও কিডনি, রক্তরোগ, হরমোন, চর্ম ও ডায়াবেটিস, প্রসূতি ও স্ত্রীরোগ, বাত-ব্যথা ও প্যারালাইসিস, মুখ ও দন্ত রোগসহ নানা বিভাগে চিকিৎসাসেবা দেওয়া হয়। এছাড়া বিনা মূল্যে ইসিজি, আলট্রাসনোগ্রাফি, ডায়াবেটিস পরীক্ষা, প্রস্রাব পরীক্ষা, চেস্ট অক্সিমিটার, চোখ ও শ্রবণ পরীক্ষা এবং আদর্শ ওজন ক্যালকুলেশন করা হয়।

ঢাকা আদ-দ্বীন মেডিকেল কলেজের নিউরোলজি বিভাগের পরিচালক ডা. ইলিয়াস হোসেনের নেতৃত্বে ২৬ জন চিকিৎসক, বরিশাল মেডিকেল কলেজের ২৫ জন ও পটুয়াখালী ক্লিনিকের ৩ জনসহ মোট ৫৪ সদস্যের মেডিকেল টিম স্বাস্থ্যসেবা প্রদান করেন।

এসময় প্রফেসর ডা. মেজর আব্দুল ওহাব মিনার বলেন, “গ্রামগঞ্জের সাধারণ মানুষ চিকিৎসাসেবা থেকে বঞ্চিত থাকে। আজকের এই ক্যাম্পে তাদের হাসি দেখেই আমাদের সার্থকতা খুঁজে পাই।”

ইঞ্জিনিয়ার মো. কামাল হোসেন বলেন, “আমাদের লক্ষ্য কেবল চিকিৎসা দেওয়া নয়, বরং মানুষকে সচেতন করে তোলা যে স্বাস্থ্যসেবা তাদের মৌলিক অধিকার।”

চিকিৎসাসেবা নিতে আসা স্থানীয় বাসিন্দা রওশন আরা বেগম জানান, “বাড়ির কাছেই এতগুলো বিশেষজ্ঞ ডাক্তার একসাথে সেবা দেবেন, এটা আগে কখনো ভাবিনি। বিনা খরচে চিকিৎসা আর পরীক্ষা করাতে পেরে আমরা ভীষণ উপকৃত হয়েছি।”