এসএসসি/দাখিল ও সমমানের পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত ৩৫০ কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা দিয়েছে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির পটুয়াখালী জেলা শাখা। সোমবার সকালে জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে আয়োজিত বর্ণাঢ্য অনুষ্ঠানে জেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের মেধাবী শিক্ষার্থীদের হাতে ক্রেস্ট, অ্যাচিভমেন্ট সার্টিফিকেট, গিফ্ট প্যাক ও ফুলের শুভেচ্ছা তুলে দেওয়া হয়।
জেলা ইসলামী ছাত্র শিবিরের সভাপতি রাকিবুল ইসলাম (নুর) এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্ম পরিষদ সদস্য, ঢাকা মহানগরী দক্ষিণের সেক্রেটারি ও ইসলামী ছাত্র শিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি ড.শফিকুল ইসলাম মাসুদ।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী ছাত্র শিবিরের কেন্দ্রীয় প্রচার সম্পাদক আজিজুর রহমান আজাদ, জেলা জামায়াতের আমীর অ্যাডভোকেট নাজমুল আহসান, ‘ল’ রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট সেন্টারের সিইও অ্যাডভোকেট মুজাহিদুল ইসলাম, বিশিষ্ট ইসলামি স্কলার শায়েখ জামাল উদ্দীন, পটুয়াখালী ওয়েলফেয়ার ফাউন্ডেশনের চেয়ারম্যান আব্দুল্লাহ আন নাহিয়ান, পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ছাত্র বিষয়ক উপদেষ্টা অধ্যাপক ড. সুজাহাঙ্গির কবির সরকার এবং ইসলামী ছাত্র শিবিরের কেন্দ্রীয় পাঠাগার সম্পাদক সোহেল রানা প্রমুখ।
প্রধান অতিথির বক্তব্যে ড. শফিকুল ইসলাম মাসুদ বলেন, “শিক্ষা শুধু পরীক্ষার ভালো ফলাফলের মধ্যে সীমাবদ্ধ নয়, বরং মানুষের চরিত্র গঠন, নৈতিকতা ও সমাজসেবার মধ্য দিয়েই একজন প্রকৃত শিক্ষিত ব্যক্তি হয়ে ওঠে। তোমরাই দেশের ভবিষ্যৎ, তাই জ্ঞানের আলো দিয়ে সমাজকে আলোকিত করো।”
অনুষ্ঠানে অন্যান্য অতিথিরাও শিক্ষার্থীদের সাফল্যের প্রশংসা করেন এবং ভবিষ্যতে সততা, দায়িত্ববোধ ও দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে সমাজে অবদান রাখার আহ্বান জানান।
সংবর্ধনা অনুষ্ঠানে শিক্ষার্থী ছাড়াও তাদের অভিভাবক, সাংবাদিক, স্থানীয় সুধীজন এবং ইসলামী ছাত্র শিবিরের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
মন্তব্য করুন