বঙ্গোপসাগরে সৃষ্ট নিম্নচাপের প্রভাব আর গত ৪দিনের টানা বৃষ্টিতে পটুয়াখালীর দুমকিতে নিম্নাঞ্চল প্লাবিত হয়ে জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। পায়রা নদীর বৃদ্ধি পাওয়া জোয়ারের পানিতে পানিতে মাঠঘাট, ফসলি জমি, পুকুর ডোবা, গ্রামীণ রাস্তাঘাট তলিয়ে থাকায় স্বাভাবিক চলাচল বিঘ্নিত এবং টানা বৃষ্টিতে ঘরবন্দি মানুষ চরম দুর্ভোগ পোহাচ্ছে।

গত শনিবার থেকে টানা ভারি বৃষ্টিপাত ও পায়রা নদীর বৃদ্ধি পাওয়া জোয়ারের পানিতে উপজেলার পাংগাশিয়া ইউনিয়নের রাজগঞ্জ-চান্দখালী, বাঁশবুনিয়া, হাজিরহাট, আলগি, আংগারিয়া ইউনিয়নের বাহেরচর, জলিশা কদমতলা ও মুরাদিয়া ইউনিয়নের উত্তর মুরাদিয়া, সন্তোষদি, চরগরবদি, দক্ষিণ মুরাদিয়ার কলাগাছিয়া এবং লেবুখালী ইউনিয়নের লেবুখালী, আঠারগাছিয়া, কার্ত্তিকপাশাসহ বিস্তীর্ণ নিম্ন এলাকা তলিয়ে গেছে।

শহরের প্রাণকেন্দ্র উপজেলা কমপ্লেক্সের চত্ত্বরে পানি ঢুকে স্টাফ কোয়াটার, ডাকবাংলো, খেলার মাঠ ও রাস্তা তলিয়ে গেছে। পায়রা, পাতাবুনিয়া ও মুরাদিয়া নদীর তীরবর্তি ওয়াপদা ভেরিবাদের বাইরের অবস্থা আরও ভয়াবহ। ৫-৬ ফুট উচ্চতার পানিতে ওইসব এলাকার শত শত পরিবার পানিবন্দি হয়ে রয়েছে। বিস্তীর্ণ এলাকার মাঠ-ঘাট ফসলি জমি, পুকুর, ডোবা, মাছের ঘের তলিয়ে ব্যাপক ক্ষয়ক্ষতির খবর পাওয়া গেছে। টানা বৃষ্টি আর দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে জনজীবনে বিপর্যস্থ হয়ে পড়েছে। সবচেয়ে বেশি ভোগান্তিতে পড়েছে শিক্ষার্থীসহ কর্মজীবি ও শ্রমজীবি মানুষ।