টাঙ্গাইলের নাগরপুরে অনুষ্ঠিত হলো মরহুম খন্দকার আবুল কালাম (হুমায়ুন) স্মৃতি ফুটবল টুর্নামেন্ট ২০২৫-এর প্রথম সিজনের জমকালো উদ্বোধনী অনুষ্ঠান। শুক্রবার (৪ জুলাই) বিকেলে নাগরপুর সদর হাসপাতাল সংলগ্ন ঐতিহ্যবাহী যদুনাথ ময়দানে (হসপিটাল মাঠ) আয়োজিত এ টুর্নামেন্টের আয়োজক ছিল নাগরপুর ফুটবল একাডেমি।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) আরাফাত মোহাম্মদ নোমান। টুর্নামেন্টের উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট শিল্পপতি, শিক্ষানুরাগী ও সমাজসেবক খন্দকার নুরুল মোমেন কায়েস (কোমল)।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) দ্বীপ ভৌমিক, উপজেলা প্রকৌশলী মোঃ তোরাপ আলী প্রমুখ। পুরো অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মোঃ হাবিবুর রহমান খান লিটন।

এই টুর্নামেন্ট সফলভাবে পরিচালনায় সার্বিক সহযোগিতা করেছে নাগরপুর নজরুল সেনা।

এ সময় বক্তারা মরহুম খন্দকার আবুল কালামের স্মৃতিচারণ করে বলেন, তিনি শুধু একজন ক্রীড়াবান্ধব ব্যক্তি ছিলেন না, বরং সমাজের বিভিন্ন উন্নয়নমূলক কর্মকাণ্ডেও ছিলেন অগ্রগামী। তাঁর স্মৃতিকে শ্রদ্ধার সাথে ধরে রাখতে এ ধরনের টুর্নামেন্ট আয়োজন সত্যিই প্রশংসনীয়।

উল্লেখ্য, টুর্নামেন্টের প্রথম ম্যাচেই মাঠজুড়ে ছিল দর্শকের উপচে পড়া ভিড় ও প্রাণবন্ত উচ্ছ্বাস। আয়োজক কর্তৃপক্ষ জানিয়েছেন, সিজনজুড়ে উপজেলার বিভিন্ন দল এই টুর্নামেন্টে অংশগ্রহণ করবে এবং ফাইনাল ম্যাচটি হবে আগত সপ্তাহে।