পটুয়াখালী জেলায় প্রতিদিন পাল্লা দিয়ে বাড়ছে ডেঙ্গু সংক্রমণে আক্রান্ত রোগী। আক্রান্ত রোগীর সংখ্যা বাড়তে থাকায় স্বাস্থ্যখাতে দেখা দিয়েছে চরম চাপ। স্থানীয় প্রশাসন ও পৌর কর্তৃপক্ষ নিয়েছে জরুরি প্রতিরোধমূলক উদ্যোগ।

রবিবার (২৯ জুন) সিভিল সার্জন অফিস থেকে প্রদানকৃত তথ্যমতে গত ২৪ ঘণ্টায় জেলার বিভিন্ন সরকারি হাসপাতালে নতুন করে ২২ জন ডেঙ্গু আক্রান্ত রোগী ভর্তি হয়েছেন। এ নিয়ে বর্তমানে পটুয়াখালীতে চিকিৎসাধীন ডেঙ্গু রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৬১ জন। এর মধ্যে জেলার হটস্পট হিসেবে পরিচিত মির্জাগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সেই ভর্তি রয়েছেন ২৬ জন।

জানুয়ারি থেকে এখন পর্যন্ত জেলার বিভিন্ন উপজেলা ও পৌর এলাকায় মোট ৬১৭ জন ব্যক্তি ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন বলে জানিয়েছে স্বাস্থ্য বিভাগ।

স্বাস্থ্য বিভাগ সূত্রে জানা গেছে, সরকারি হাসপাতালগুলোতে ডেঙ্গু রোগীদের জন্য আলাদা ওয়ার্ড খোলার নির্দেশনা থাকলেও স্থান সংকুলান, বেড ও পর্যাপ্ত জনবল না থাকায় তা সম্ভব হচ্ছে না। তবে প্রতিটি ওয়ার্ডে খোলা হয়েছে আলাদা ডেঙ্গু কর্নার। রোগীদের প্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষা ও ওষুধ সরবরাহ করা হচ্ছে হাসপাতাল থেকেই।

ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধিতে বিভিন্ন উদ্যোগ গ্রহণ করা হয়েছে। বাড়ির আশপাশ পরিষ্কার রাখা, কোথাও পানি জমতে না দেওয়া এবং গৃহস্থালি ব্যবস্থাপনায় সতর্কতা অবলম্বনের পরামর্শ দেওয়া হচ্ছে।

পটুয়াখালী পৌরসভা মশক নিধনে জোর তৎপরতা চালিয়ে যাচ্ছে। প্রতিদিন শহরের বিভিন্ন ওয়ার্ডে ফগিং কার্যক্রম চালাচ্ছে পৌরসভার কর্মীরা। পৌরসভা সূত্রে জানা গেছে, প্রতিদিনের তালিকা অনুযায়ী অধিক ঝুঁকিপূর্ণ এলাকাগুলোকে অগ্রাধিকার দিয়ে স্প্রে কার্যক্রম পরিচালনা করা হচ্ছে।

সাধারণ মানুষকে সচেতন হওয়ার পাশাপাশি সক্রিয়ভাবে স্থানীয় প্রশাসনের উদ্যোগে অংশ নেওয়ার আহ্বান জানিয়েছেন সংশ্লিষ্টরা।