অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে মঙ্গলবার বিকেলে বালুভর্তি ট্রাকসহ ৩ জনকে গ্রেফতার করেছে শ্রীমঙ্গল থানা পুলিশ। এসময় ঘটনাস্থল হতে একটি ৩ টনি পুরাতন ট্রাক, যার রেজিঃ নং-ঢাকা মেট্রো-ড-১১-৩৮৭২ এবং ট্রাক ভর্তি আনুমানিক ১৫০ ঘনফুট বালু জব্দ করেন।
থানা সূত্রে জানা যায়, মঙ্গলবার বিকেলে শ্রীমঙ্গল থানার এসআই অলক বিহারী গুণের নেতৃত্বে পুলিশের একটি টিম অভিযান পরিচালনা করে শ্রীমঙ্গল থানার সিন্দুরখাঁন ইউপির অন্তর্গত গোলগাঁও এলাকা থেকে বালু ভর্তি একটি ৩ টনি ট্রাকসহ অবৈধ বালু ব্যবসায়ী চক্রের সদস্য শাহবুদ্দিন মিয়া (২৪), আনোয়ার মিয়া (২২) ও আকাশ মিয়া (১৯) কে আটক করে। এদের সকলের বাড়ি শ্রীমঙ্গল উপজেলায়।
শ্রীমঙ্গল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আমিনুল ইসলাম জানান, গ্রেফতারকৃত আসামীরা অবৈধভাবে শ্রীমঙ্গল উপজেলার বিভিন্ন সরকারি ছড়া ও জমি থেকে বালু উত্তোলন করে ভূ-প্রাকৃতিক পরিবেশ নষ্ট করছে। উক্ত ঘটনার বিষয়ে গ্রেফতারকৃত আসামীগনসহ পলাতক অবৈধ বালু ব্যবসায়ী চক্রের মূল হোতাদের বিরুদ্ধে শ্রীমঙ্গল থানায় মামলা দায়ের করা হয়েছে।
মন্তব্য করুন