গাইবান্ধার ফুলছড়ি উপজেলার চরাঞ্চল থেকে ১৮৬ বোতল বিদেশি মদ জব্দ করা হয়েছে এবং জড়িত সহোদর দুই মাদক কারবারিকে গ্রেফতার করা হয়েছে । সোমবার (২জুন) দুপুরে পুলিশ সুপারের কার্যালয়ের এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয়। গ্রেফতারকৃতরা হলেন, মালেক মিয়া (৩২) ও শয়কত আলী (৪০) ফুলছড়ি উপজেলার ফজলুপুর ইউনিয়নের গুপ্তমনি (চর) গ্রামের হাবিজার রহমানের ছেলে।

সংবাদ সম্মেলনে জানানো হয়, রোববার (১জুন) রাতে গোপন সংবাদের ভিত্তিতে ফুলছড়ি উপজেলার ফজলুপুর ইউনিয়নের গুপ্তমনি চরে অভিযান পরিচালনা করা হয়। এ সময় ওই পরিমাণ মাদক জব্দসহ দুই সহোদরকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতার ব্যক্তিরা দীর্ঘদিন ধরে সীমান্তবর্তী এলাকা থেকে অবৈধভাবে মদ সংগ্রহ করে দেশের বিভিন্ন অঞ্চলে সরবরাহ করে আসছিলেন। তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। জব্দ করা মাদকের মধ্যে অফিসার চয়েস ব্র্যান্ডের ৭৫০ মিলিলিটার ২২ বোতল, ৩০০ মিলিলিটার ৯০ বোতল এবং ভারতীয় তৈরি ম্যাকডাওয়েলস ব্র্যান্ডের ৩৭৫ মিলিলিটার ৭৪ বোতলসহ মোট ১৮৬ বোতল মদ রয়েছে।

সংবাদ সম্মেলন উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার শরিফুল আলম, ফুলছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার হাফিজুর রহমানসহ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ।