পটুয়াখালীর দুমকি উপজেলায় পায়রা লেবুখালী সেতুর টোল প্লাজায় চেকপোস্টে অভিযান চালিয়ে ৭০ গ্রাম হেরোইনসহ এক যুবককে আটক করেছে পুলিশ। শুক্রবার (৩০ মে) রাত আনুমানিক ১১টা ৪০ মিনিটের দিকে এ অভিযান চালানো হয়। আটককৃত যুবকের নাম মাশরাফ আলী (২০)। তিনি চাঁপাইনবাবগঞ্জ জেলার সদর থানার ৫ নম্বর ওয়ার্ডের নরেন্দ্রপুর এলাকার বাসিন্দা সফিকুল ইসলামের ছেলে।

দুমকি থানার এসআই আমিনুল ইসলামের নেতৃত্বে এএসআই সাইদুল ইসলাম ও তার সঙ্গীয় ফোর্স এ অভিযান পরিচালনা করেন।

অভিযানে মাশরাফ আলীকে আটক করে তার দেহ তল্লাশি করা হলে ৭০ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়। উদ্ধারকৃত হেরোইনের বাজারমূল্য আনুমানিক ৭ লাখ টাকা বলে পুলিশ জানিয়েছে। এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে এবং গ্রেপ্তারকৃতকে আদালতে পাঠানোর প্রক্রিয়া চলছে।