পটুয়াখালীতে সরকারি স্বাস্থ্যসেবাদানকারীদের নিয়ে উচ্চ রক্তচাপ ও ডায়াবেটিস রোগ নিয়ন্ত্রণে এনসিডি (Non-Communicable Disease) বিষয়ক এক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। জেলা সিভিল সার্জন কার্যালয়ের মিলনায়তনে দুই দিনব্যাপী এই প্রশিক্ষণ কর্মশালার আয়োজন করে বাংলাদেশ উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণ কর্মসূচি ও ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন অব বাংলাদেশ।
২৩ ও ২৪ এপ্রিল অনুষ্ঠিত এই কর্মশালায় সদর ব্যতীত জেলার প্রতিটি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা, চিকিৎসক, স্বাস্থ্যসেবিকা, পরিসংখ্যানবিদ, স্টোরকিপার ও স্যাকমোসহ শতাধিক জনবল অংশ নেন। উদ্বোধন করেন পটুয়াখালীর সিভিল সার্জন মো. খালেদুর রহমান মিয়া।
প্রশিক্ষণে প্রধান প্রশিক্ষক ছিলেন কর্মসূচির ডেপুটি প্রোগ্রাম পরিচালক ডা. শামীম জুবায়ের। এছাড়া সঞ্চালনায় ছিলেন বিভাগীয় কর্মকর্তা ডা. ইকবাল আহমেদ খান এবং সার্ভিল্যান্স মেডিকেল অফিসার ডা. হোসেন মো. আল-আমিন।
স্বাস্থ্য অধিদপ্তরের নিয়ন্ত্রণাধীন এ কর্মসূচির আওতায় প্রতিটি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে স্থাপন করা হচ্ছে ‘এনসিডি কর্নার’। যেখানে উচ্চ রক্তচাপ ও ডায়াবেটিসে আক্রান্ত রোগীরা পাচ্ছেন বিনা মূল্যে নিবন্ধন, চিকিৎসা ও ওষুধ। একইসঙ্গে এসব সেবা নিশ্চিত করতে প্রশিক্ষণ দেওয়া হচ্ছে সংশ্লিষ্ট স্বাস্থ্যকর্মীদের।
কর্মসূচির মাধ্যমে মাঠপর্যায়ে অসংক্রামক রোগ শনাক্ত ও ব্যবস্থাপনায় সক্ষমতা বাড়ছে বলে জানান আয়োজকেরা। তাঁদের মতে, দীর্ঘমেয়াদে এ কার্যক্রম রোগীর চিকিৎসা সহজতর করবে এবং এনসিডিজনিত মৃত্যুহারও কমাবে।
সরকারের অগ্রাধিকারপ্রাপ্ত এই স্বাস্থ্যসেবা কর্মসূচিটি বর্তমানে দেশের ৩১০টি উপজেলায় একযোগে বাস্তবায়ন করা হচ্ছে। এর কারিগরি সহায়তায় আছে ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন।
মন্তব্য করুন