কলাপাড়ায় দশমীবিহীত পূজা ও দর্পন বিসর্জন মধ্য দিয়ে শেষ হয়েছে দূর্গা পূজার আনুষ্ঠানিকতা। শনিবার সকালের মধ্যে কলাপাড়ার ১৪ টি পূজা মন্ডপে দূর্গোৎসবের এ আনুষ্ঠানিকতা শেষ হয়।
এসময় শাঁখ, উলুধ্বনী ও ঢাকের বাদ্যে মুখরিত হয়ে ওঠে পুজা মন্ডপ। এর আগে শুক্রবার রাতে সাংস্কৃতিক অনুষ্ঠানের নাচে-গানে মেতে ওঠে যুবক-যুবতীসহ হিন্দু ধর্মালম্বীরা। তবে তাদের হৃদয়ে ছিলো বিষাদের সুর। রাতের মধ্যে কলাপাড়ার সকল পুজা মন্ডপের প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে শেষ হয় দূর্গা পূজার মূল আনুষ্ঠানিকতা।
শুক্রবার রাতে ও শনিবার দিনভর সরেজমিনে এলাকার বিভিন্ন পূজা মন্ডপগুলো ঘুরে দেখা যায়, বিপুল উৎসাহ ও আনন্দ উদ্দীপনায় সনাতন ধর্মাবলম্বীসহ অন্যান্য ধর্মাবলম্বীরাও এ উৎসবে যোগ দেয়। চিংগড়িয়া সার্বজনীন শ্রী শ্রী দূর্গা মন্দিরে গিয়ে দেখা গেছে খুলনা থেকে আসা আকাশ ব্যান্ডের সদস্যরা হাজার হাজার দর্শকদের সামনে নাচে-গানে মাতিয়ে রাখে মন্দির প্রাঙ্গণ। একের পর এক অনুরোধ এবং পরিবেশনা চলে শুক্রবার রাত ১২টা পর্যন্ত।

নীলগঞ্জ ইউনিয়নের পাখিমাড়া গৌড় গবিন্দ রাধা কৃষ্ণ মন্দির পূজা উদযাপন কমিটির সভাপতি চিন্ময় সরকার জানান, এবছর আতংকে ছিলাম কি হয়। কিন্তু বিগত সময়ের চেয়ে আরো জাঁকজমকপূর্ণ পরিবেশে পূজা উদযাপন করেছি। এজন্য তিনি আইনশৃঙ্খলা বাহিনী এবং বিএনপির নেতৃবৃন্দকে ধন্যবাদ জানান।
কলাপাড়া পৌরসভার চিংগড়িয়া সার্বজনীন পূজা উদযাপন কমিটির সদস্য দেবাশীষ সিকদার কালা বলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা মো.রবিউল ইসলাম, উপজেলা বিএনপি এবং পৌর বিএনপির নেতৃবৃন্দ এবং সেনাবাহিনী ও পুলিশ প্রশাসনের সর্বোচ্চ সহযোগিতা পেয়েছি। তারা প্রতিদিন এসে থোঁজ-খবর নিয়েছেন এবং প্রয়োজনীয় দিকনির্দেশনা দিচ্ছেন সর্বদা।
কলাপাড়া উপজেলা বিএনপির সভাপতি হাজী হুমায়ুন সিকদার জানান, কলাপাড়া উপজেলা এবং পৌর বিএনপি এবং সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপজেলার প্রত্যেকটি পূজামন্ডপ পরিদর্শন করে তাদের সাথে মতবিনিময় করেছি। তারা আমাদের ভাই, কলাপাড়া বিএনপির পক্ষ থেকে এ ধরনের সহযোগিতা ভবিষ্যতেও থাকবে বলে জানান তিনি।
কলাপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রবিউল ইসলাম বলেন, কলাপাড়ার সবগুলো পূজামন্ডপে আইনশৃঙ্খলা বাহিনী নিয়োজিত রয়েছে। প্রশাসনের পক্ষ থেকে সর্বোচ্চ সহযোগিতা প্রদান করা হয়েছে এবং কলাপাড়ায় এখন পর্যন্ত কোন ধরনের বিশৃঙ্খলার কোন খবর পাওয়া যায়নি।
মন্তব্য করুন