হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল পরিচালনা ও রক্ষণাবেক্ষণের দায়িত্ব দিতে আগামীকাল ৩০ নভেম্বর জাপানি কনসোর্টিয়ামের সঙ্গে কনসেশন চুক্তি স্বাক্ষর করবে বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক)। চুক্তি অনুযায়ী, আগামী ১৪ মাসের মধ্যে টার্মিনালটির পূর্ণাঙ্গ কার্যক্রম চালুর লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে।
রোববার (২৯ নভেম্বর) বেবিচকের সদর দপ্তরে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান সংস্থাটির চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল মো. মোস্তফা মাহমুদ সিদ্দিক।
বেবিচক চেয়ারম্যান জানান, দীর্ঘ আলোচনা, কারিগরি ও আর্থিক বিশ্লেষণ এবং প্রয়োজনীয় প্রক্রিয়া শেষে এ চুক্তি সম্পাদিত হচ্ছে। চুক্তির মেয়াদ হবে ১৫ বছর। আগামী ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবসে চারটি ফ্লাইট পরিচালনার মাধ্যমে টার্মিনালটির আংশিক কার্যক্রম শুরুর প্রস্তুতি নেওয়া হচ্ছে। পর্যায়ক্রমে ফ্লাইটের সংখ্যা বাড়িয়ে ১৪ মাসের মধ্যে পূর্ণাঙ্গ কার্যক্রম চালু করা হবে।
এর আগে ২০২৩ সালের ৭ অক্টোবর তৃতীয় টার্মিনালের আংশিক উদ্বোধন করা হলেও আওয়ামী লীগ সরকারের পতনের পর এর কার্যক্রম আর শুরু করা সম্ভব হয়নি।
চুক্তি অনুযায়ী, স্বাক্ষরের ১৫ দিনের মধ্যে তৃতীয় টার্মিনালের কনসেশনভুক্ত এলাকা পরিচালনাকারী প্রতিষ্ঠানের কাছে হস্তান্তর করা হবে। হস্তান্তরের আট মাসের মধ্যে অন্তত ২৫ শতাংশ নিয়মিত আন্তর্জাতিক ফ্লাইটের সেবা চালুর লক্ষ্য রয়েছে। ১৪ মাসের মধ্যে শতভাগ নিয়মিত আন্তর্জাতিক যাত্রী ও কার্গো হ্যান্ডলিং নতুন টার্মিনালে স্থানান্তর করা হবে।
জাপানি কনসোর্টিয়াম নিজস্ব ব্যয়ে তৃতীয় টার্মিনাল, বহুতল গাড়ি পার্কিং ভবন এবং নতুন আমদানি ও রপ্তানি কার্গো টার্মিনাল পরিচালনা, মেরামত ও রক্ষণাবেক্ষণ করবে। তবে রানওয়ে, ট্যাক্সিওয়ে, অ্যাপ্রোন, এয়ার ট্রাফিক কন্ট্রোল, বিমান চলাচল নিরাপত্তা, নিরাপত্তা তল্লাশি এবং অগ্নিনির্বাপণ ও উদ্ধার কার্যক্রম বেবিচকের নিয়ন্ত্রণেই থাকবে। ইমিগ্রেশন, কাস্টমস ও স্বাস্থ্য পরীক্ষার মতো রাষ্ট্রীয় কার্যক্রম পরিচালনা করবে সংশ্লিষ্ট সরকারি সংস্থাগুলো।
রাজস্ব বণ্টনের ক্ষেত্রে নির্ধারিত কার্যক্রম শুরুর পর যাত্রী ও কার্গো খাতের মোট রাজস্বের ১৩ দশমিক ৫ শতাংশ বেবিচককে দেবে পরিচালনাকারী প্রতিষ্ঠান। টার্মিনালটির পূর্ণ সক্ষমতা অর্জনের নির্ধারিত বা প্রকৃত তারিখের মধ্যে যেটি আগে ঘটবে, সেদিন থেকে বেবিচকের রাজস্বের অংশ বেড়ে ২৭ শতাংশ হবে।
চুক্তিতে যাত্রীসেবার মান নিশ্চিত করতে নির্দিষ্ট সময়সীমাও বেঁধে দেওয়া হয়েছে। উড়োজাহাজ থামার ১৫ মিনিটের মধ্যে প্রথম ব্যাগেজ কনভেয়ার বেল্টে সরবরাহ করতে হবে। সর্বশেষ ব্যাগেজ সরবরাহের সময়সীমা ন্যারো-বডি উড়োজাহাজের ক্ষেত্রে ৪২ দশমিক ৫ মিনিট এবং ওয়াইড-বডির ক্ষেত্রে ৪৭ দশমিক ৫ মিনিট নির্ধারণ করা হয়েছে। পাশাপাশি চেক-ইন কাউন্টারে অপেক্ষার সময় ও বিভিন্ন প্রযুক্তিগত সেবা সচল রাখার বিষয়েও নির্দিষ্ট মানদণ্ড রয়েছে।
নির্ধারিত সেবার মান অর্জনে বারবার ব্যর্থ হলে পরিচালনাকারী প্রতিষ্ঠানকে আর্থিক ক্ষতিপূরণ দিতে হবে। ব্যর্থতার ধরন ও পুনরাবৃত্তির ভিত্তিতে প্রতিবার ৫ হাজার থেকে সর্বোচ্চ ৩৫ হাজার মার্কিন ডলার পর্যন্ত ক্ষতিপূরণের বিধান রাখা হয়েছে।
চুক্তি অনুযায়ী, গ্রাউন্ড হ্যান্ডলিং সেবায় বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের পাশাপাশি আরও একটি আন্তর্জাতিক প্রতিষ্ঠান যুক্ত হবে। এসব প্রতিষ্ঠান পরিচালনাকারী সংস্থাকে রয়্যালটি দেবে। এ ছাড়া কার্গো হ্যান্ডলিংয়ের জন্য বিমান বাংলাদেশ এয়ারলাইন্সকেও প্রতি টন কার্গোর বিপরীতে রয়্যালটি দিতে হবে।
প্রায় ২ লাখ ৩০ হাজার বর্গমিটার আয়তনের তৃতীয় টার্মিনালটিতে বছরে ২ কোটি ৪০ লাখ যাত্রীকে সেবা দেওয়ার সক্ষমতা রয়েছে। এতে ১২৭টি চেক-ইন কাউন্টার, ১২৯টি পাসপোর্ট কন্ট্রোল কাউন্টার, ১৬টি ব্যাগেজ কনভেয়ার বেল্ট এবং ১২টি কন্টাক্ট বোর্ডিং ব্রিজ রয়েছে। বহুতল পার্কিং ভবনে একসঙ্গে ১ হাজার ২৩০টি গাড়ি রাখার সুবিধা রয়েছে।
এ ছাড়া নতুন আমদানি ও রপ্তানি কার্গো টার্মিনালের সম্মিলিত বার্ষিক কার্গো হ্যান্ডলিং সক্ষমতা ৮ লাখ ২০ হাজার ৪১১ মেট্রিক টন। বেবিচকের আশা, চুক্তির বাস্তবায়নের মাধ্যমে দেশের বিমান পরিবহন সক্ষমতা বৃদ্ধি, আন্তর্জাতিক যোগাযোগ সম্প্রসারণ এবং যাত্রীসেবার মান উন্নত হবে।
মন্তব্য করুন