আসন্ন ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচন সুন্দর ও সুষ্ঠুভাবে আয়োজন করতে রাজনৈতিক দলগুলোর সহযোগিতা চেয়েছে নির্বাচন কমিশন (ইসি)। নির্বাচন দলীয় প্রতীকে না হলেও রাজনৈতিক দলগুলোর প্রভাব থাকে বলে মন্তব্য করেছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন।
রোববার (২৯ নভেম্বর) ইউপি নির্বাচন সামনে রেখে রাজনৈতিক দলগুলোর সঙ্গে শুরু হওয়া সংলাপের উদ্বোধনী বক্তব্যে তিনি এসব কথা বলেন।
সিইসি বলেন, ইসির আমন্ত্রণে রাজনৈতিক দলগুলো সংলাপে অংশ নেওয়ায় কমিশন মনে করে, দেশের গণতান্ত্রিক পরিবেশ সৃষ্টিতে দলগুলো একমত।
তিনি বলেন, ইউনিয়ন পরিষদ নির্বাচন দলীয় প্রতীকে হচ্ছে না। তবে দলীয় প্রতীকে না হলেও নির্বাচনে রাজনৈতিক দলগুলোর প্রভাব থাকে। তাই রাজনৈতিক দলগুলোর সহযোগিতা ছাড়া সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়।
সিইসি আরও বলেন, নির্বাচন কমিশনের দ্বিতীয় কোনো এজেন্ডা নেই। সুষ্ঠু ও সুন্দর নির্বাচন আয়োজনেই প্রতিশ্রুতিবদ্ধ কমিশন।
সম্মিলিতভাবে নির্বাচনের চ্যালেঞ্জ মোকাবিলার প্রত্যয় ব্যক্ত করে তিনি বলেন, ভোটে নানা ধরনের চ্যালেঞ্জ আসতে পারে। নির্বাচনের প্রতিটি ধাপে একই মান বজায় রেখে নির্বাচন সম্পন্ন করতে কমিশন সর্বোচ্চ চেষ্টা করবে। এ জন্য রাজনৈতিক দলগুলোর সহযোগিতা প্রয়োজন।
মন্তব্য করুন