বেতন বৃদ্ধির দাবিতে প্রায় এক মাস ধরে চলা শ্রমিক আন্দোলনের পর স্বস্তি ফিরেছে শিল্পাঞ্চল গাজীপুরে। স্বতঃস্ফূর্তভাবে কাজে যোগ দিয়েছেন পোশাকশ্রমিকরা। একই সঙ্গে বন্ধ থাকা কারখানাগুলোও খুলে দেওয়া হয়েছে। এতে শিল্পাঞ্চলে ফিরেছে কর্মচাঞ্চল্য।

শনিবার (২৮ নভেম্বর) সকাল সাড়ে ৭টা থেকে সরেজমিনে দেখা গেছে, জেলার ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের নাওজোড়, কোনাবাড়ী, মৌচাক, পল্লীবিদ্যুৎ এবং ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের ভোগড়া, মালেকের বাড়ি, সালনা, বাংলাবাজার, বাঘের বাজার ও শ্রীপুরের মাওনা এলাকায় পোশাকশ্রমিকরা স্বতঃস্ফূর্তভাবে কাজে যোগ দিচ্ছেন।

জানা গেছে, ন্যূনতম ৩০ হাজার টাকা মজুরির দাবিতে প্রায় এক মাস ধরে শ্রমিক আন্দোলনে উত্তপ্ত ছিল গাজীপুর। আন্দোলনের কারণে শিল্পাঞ্চলের প্রায় ৭০ শতাংশ পোশাক কারখানায় উৎপাদন বন্ধ ছিল। প্রতিদিন শ্রমিকদের বিক্ষোভের মুখে অর্ধশতাধিক কারখানায় ছুটি ঘোষণা করা হতো। তবে মজুরি বোর্ড ঘোষিত নতুন মজুরি মেনে নিয়ে শ্রমিকরা কাজে ফিরেছেন। এতে শিল্পাঞ্চলে স্বাভাবিক পরিবেশ ফিরে আসতে শুরু করেছে।

এ প্রতিবেদন লেখা পর্যন্ত (সকাল ৯টা) জেলার কোথাও আন্দোলন, বিক্ষোভ বা সড়ক অবরোধের খবর পাওয়া যায়নি।

জেলার পল্লীবিদ্যুৎ এলাকার ডিভাইন গার্মেন্টসের শ্রমিক সিফাত, আরমান ও মিনা আক্তার বলেন, নতুন মজুরিতে তারা খুশি। আর কোনো আন্দোলন চান না তারা। এ জন্য সরকারকে ধন্যবাদ জানিয়ে আজ থেকে আনন্দের সঙ্গে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন তারা।

পোশাকশ্রমিক রাহিমা ও ইতি আক্তার বলেন, আগের বেতনে মাসের খরচ চালানো কঠিন ছিল। বাড়িভাড়া ও নিত্যপণ্যের দাম বেশি হওয়ায় সংসার চালাতে হিমশিম খেতে হতো। তবে নতুন মজুরিতে তারা সন্তুষ্ট।

কালিয়াকৈর উপজেলার মৌচাক এলাকার সাদমা গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক এ এইচ এম শওকত ইমরান একটি গণমাধ্যমকে বলেন, শ্রমিকরা আন্দোলন থেকে সরে এসে আনন্দের সঙ্গে কারখানায় যোগ দিয়েছেন। এতে অনেকটা স্বস্তি ফিরেছে। সরকারের নির্ধারিত বেতনে শ্রমিকরা খুশি। কারখানা ভালো চললে মালিক ও শ্রমিক উভয়েই ভালো থাকবেন। পাশাপাশি দেশের পোশাকশিল্পও এগিয়ে যাবে।

গাজীপুর শিল্প পুলিশ-২-এর পুলিশ সুপার মোহাম্মদ আমজাদ হোসাইন বলেন, আশা করা হচ্ছে, শ্রমিকরা আর আন্দোলনে জড়াবেন না এবং কাজে মনোযোগ দেবেন। তবে যেকোনো ধরনের বিশৃঙ্খলা এড়াতে গাজীপুরের গুরুত্বপূর্ণ এলাকায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর টহল জোরদার রয়েছে।