দেশে চলমান সন্ত্রাস, নৈরাজ্য ও নাশকতামূলক কর্মকাণ্ডের প্রতিবাদে এবং জননিরাপত্তা ও শান্তিশৃঙ্খলা বজায় রাখার দাবিতে পটুয়াখালীর মির্জাগঞ্জে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে উপজেলা বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।

শুক্রবার (২৭ নভেম্বর) বিকেল সাড়ে ৪টায় উপজেলা বিএনপির উদ্যোগে উপজেলা সদরের কোর্ট চত্বর থেকে মিছিলটি শুরু হয়। পরে মিছিলটি সুবিদখালী বাজারের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে কলেজ রোড এলাকায় গিয়ে শেষ হয়। সেখানে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়। মিছিল চলাকালে নেতাকর্মীরা সন্ত্রাস ও নৈরাজ্যের বিরুদ্ধে বিভিন্ন স্লোগান দেন।

উপজেলা বিএনপির সভাপতি আলহাজ্ব মো. শাহাবুদ্দিন নান্নুর নেতৃত্বে অনুষ্ঠিত কর্মসূচিতে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মো. মোবারক আলী মুন্সী, সহসভাপতি মো. আহসান উল্লাহ পিন্টু, মো. গোলাম ফারুক মুন্সী ও মো. আইয়ুব আলী খান, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মো. হারুন অর রশিদ মুন্সী, যুগ্ম সম্পাদক মো. মঞ্জু বিশ্বাসসহ উপজেলা বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

এছাড়া যুবদল, ছাত্রদল, শ্রমিকদল, মৎস্যজীবী দল, মহিলাদলসহ বিভিন্ন ইউনিয়ন থেকে আসা বিএনপি ও অঙ্গসংগঠনের বিপুলসংখ্যক নেতাকর্মী মিছিলে অংশগ্রহণ করেন।