দীর্ঘ ৮ বছর পর আগামীকাল শনিবার (২৮ নভেম্বর) অনুষ্ঠিত হতে যাচ্ছে বাংলাদেশ চা-শ্রমিক ইউনিয়ন (রেজি. নং-বি-৭৭) নির্বাচন-২০২৬। এ নির্বাচনে দেশের ৫ জেলার ১৬৭টি চা-বাগানের ১ লাখ ৫৩ জন ভোটার ২৩০টি ভোটকেন্দ্রের মাধ্যমে তাঁদের ভোটাধিকার প্রয়োগ করবেন। জেলাগুলো হলো– সিলেট, মৌলভীবাজার, হবিগঞ্জ, চট্টগ্রাম ও রাঙামাটি।
শ্রীমঙ্গলে অবস্থিত বাংলাদেশ চা-শ্রমিক ইউনিয়নের কেন্দ্রীয় কার্যালয় সূত্রে জানা যায়, এ নির্বাচনে ভোটাররা কেন্দ্রীয় কমিটি ও ভ্যালি কমিটি মিলিয়ে মোট ৩০ জন প্রতিনিধি নির্বাচিত করবেন।
শ্রীমঙ্গল উপজেলা নির্বাহী অফিসার ও সহকারী রিটার্নিং কর্মকর্তা মো. জিয়াউর রহমান জানান, এ নির্বাচনে মৌলভীবাজার জেলার ১৩৫টি পঞ্চায়েতের অধীনে ৬০ হাজার ৪৮৭ জন চূড়ান্ত ভোটার তাঁদের ভোটাধিকার প্রয়োগ করবেন। এর মধ্যে শ্রীমঙ্গল উপজেলার ৪০টি পঞ্চায়েতের অধীনে ভোটার রয়েছেন ১৮ হাজার ৮২২ জন। জেলার মধ্যে শ্রীমঙ্গলেই সর্বাধিক পঞ্চায়েত ও ভোটার রয়েছেন।
শ্রীমঙ্গলের উপ-পরিচালক (শ্রম) মহব্বত হোসেন জানান, আজ শনিবার সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত দেশের ২৩০টি কেন্দ্রে একযোগে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। নির্বাচন অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে নির্বাচন কমিশনের নির্দেশনা অনুযায়ী প্রতিটি জেলার জেলা ও উপজেলা প্রশাসন এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সমন্বিতভাবে কাজ করবে।
শ্রীমঙ্গল উপজেলা নির্বাহী অফিসার ও সহকারী রিটার্নিং অফিসার মো. জিয়াউর রহমান জানান, ভোটাররা যাতে নির্ভয়ে ও উৎসবমুখর পরিবেশে নিজেদের পছন্দের প্রার্থীকে ভোট দিতে পারেন, সে লক্ষ্যে প্রশাসনের পক্ষ থেকে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হয়েছে।
দীর্ঘ আট বছর পর বাংলাদেশ চা-শ্রমিক ইউনিয়নের নির্বাচন অনুষ্ঠিত হওয়ায় চা-বাগান অধ্যুষিত এলাকাগুলোতে উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে। চা-শ্রমিকদের দীর্ঘদিনের প্রত্যাশা, অংশগ্রহণ এবং গণতান্ত্রিক অধিকার চর্চার ক্ষেত্রে এ নির্বাচন অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
মন্তব্য করুন