যুক্তরাষ্ট্রের শিকাগোতে সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন প্রয়াত বেগম খালেদা জিয়ার নামে একটি সড়কের নামকরণ করা হয়েছে।
রোববার (২২ নভেম্বর) স্থানীয় সময় দুপুরে শিকাগো সিটি কর্তৃপক্ষ সড়কটির নামফলক উন্মোচন করে। এর আগে গত ১৪ অক্টোবর শিকাগো নগর কর্তৃপক্ষ নামকরণের আনুষ্ঠানিক অনুমোদন দেয়।
বাংলাদেশের রাষ্ট্রদূত মুশফিকুল ফজল আনসারী নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুক পোস্টে এ তথ্য জানান।
‘গণতন্ত্রের মা বেগম খালেদা জিয়া সড়ক’ (Honorary Mother of Democracy Begum Khaleda Zia Way) নামে নামকরণ করা সড়কটি বিশ্বখ্যাত স্থপতি এফ আর খানের নকশায় নির্মিত উইলিস টাওয়ারের (সাবেক সিয়ার্স টাওয়ার) পাশে অবস্থিত।
সংশ্লিষ্টদের মতে, উইলিস টাওয়ার শিকাগোর অন্যতম পরিচিত স্থাপনা। এর পাশে সড়কটির নামকরণের ফলে বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে আসা দর্শনার্থীরা বেগম খালেদা জিয়ার রাজনৈতিক অবদান সম্পর্কে জানার সুযোগ পাবেন।
এর আগে ২০১৪ সালে শিকাগোতে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের নামেও একটি সড়কের নামকরণ করা হয়েছিল।
বেগম খালেদা জিয়ার নামে সড়কের নামকরণের উদ্যোগে পেছন থেকে সহযোগিতা করেছেন সাংবাদিক ও ব্যারিস্টার মাহাবুবুর রহমান।
এ প্রকল্পে উদ্যোক্তা দলের সদস্য হিসেবে কাজ করেছেন শিকাগো বিএনপির প্রতিষ্ঠাতা সভাপতি শাহ মোসাদ্দেক মিন্টু, বাংলাদেশ কমিউনিটি শিকাগোর সভাপতি শাহ মোশাররফ, শিকাগো বিএনপির আন্তর্জাতিক সম্পাদক হাদিউজ্জামান ভূইয়া ও অফিস সম্পাদক শাকির ভূইয়া।
শিকাগো বিএনপির সভাপতি শাহ মোজাম্মেল নান্টু বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী মরহুমা বেগম খালেদা জিয়ার স্মৃতি ও অবদানকে সম্মান জানানোর যে অঙ্গীকার তিনি দীর্ঘদিন ধরে লালন করে আসছেন, এ দুটি উদ্যোগ তারই প্রতিফলন।
তিনি আরও বলেন, শিকাগোর বাংলাদেশি-আমেরিকান সম্প্রদায়ের কাছে সড়কটির নামকরণ বিশেষ তাৎপর্য বহন করে।
বাংলাদেশের রাষ্ট্রদূত মুশফিকুল ফজল আনসারী বলেন, শিকাগোর বাংলাদেশি সম্প্রদায়ের যাঁরা এ ঐতিহাসিক নামকরণের আবেদন করেছেন, শাহ মোজাম্মেল নান্টুসহ তাঁদের সবাইকে আন্তরিক অভিনন্দন। এ প্রয়াসে সামান্য একজন অংশীদার হতে পেরে তাঁরা গর্বিত।
তিনি জানান, গত ২৩ সেপ্টেম্বর শিকাগোর ৩৬তম ওয়ার্ডের কাউন্সিলর গিলবার্ট ভিলেগাস সিটি কাউন্সিলে নামকরণের প্রস্তাবটি উত্থাপন করেন। পরে ১৪ অক্টোবর কাউন্সিলের পরিবহন ও জনপথবিষয়ক কমিটি প্রস্তাবটির পক্ষে সর্বসম্মত সুপারিশ জানায়।
মন্তব্য করুন