প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমান ৬২ বছরে পদার্পণ করেছেন। ১৯৬৫ সালের ২০ নভেম্বর শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার জ্যেষ্ঠ সন্তান হিসেবে জন্মগ্রহণ করেন তিনি।

তারেক রহমানের শৈশব কেটেছে সাধারণ ও অনাড়ম্বর পরিবেশে। ঢাকা সেনানিবাসের শাহীন স্কুল অ্যান্ড কলেজ থেকে মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা সম্পন্ন করেন তিনি। পরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগে ভর্তি হন। শিক্ষাজীবনে সক্রেটিস, প্লেটো, অ্যারিস্টটল, হবস, লক, রুশো, ভলতেয়ার ও কার্ল মার্কসসহ বিভিন্ন দার্শনিক ও রাষ্ট্রচিন্তাবিদের দর্শন ও রাজনৈতিক চিন্তাধারা অধ্যয়ন করেন।

আশির দশকে তাঁর মা বেগম খালেদা জিয়া যখন তৎকালীন রাষ্ট্রপতি হুসেইন মুহম্মদ এরশাদের শাসনের বিরুদ্ধে আন্দোলনে নেতৃত্ব দিচ্ছিলেন, তখন থেকেই রাজনীতির প্রতি আগ্রহ তৈরি হয় তারেক রহমানের। ১৯৮৮ সালে বগুড়ার গাবতলী উপজেলায় বিএনপির প্রাথমিক সদস্যপদ গ্রহণের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে রাজনীতিতে যুক্ত হন তিনি।

১৯৯৩ সালে বগুড়া জেলা বিএনপির সদস্য হন তারেক রহমান। ১৯৯১ সালের জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির পক্ষে প্রচার-প্রচারণায় ভূমিকা রাখেন। দলের জাতীয় নির্বাচন পরিচালনা কমিটির সদস্য হিসেবে বেগম খালেদা জিয়ার পাঁচটি আসনের নির্বাচনী কার্যক্রম সমন্বয় করেন তিনি। ওই নির্বাচনে পাঁচটি আসনেই জয়ী হন খালেদা জিয়া।

পরবর্তী সময়ে ওয়ান-ইলেভেনের সেনাসমর্থিত তত্ত্বাবধায়ক সরকারের আমলে গ্রেপ্তার ও নির্যাতনের শিকার হন তারেক রহমান। তাঁর বিরুদ্ধে একাধিক মামলা করা হয়। ওই সময়ের রাজনৈতিক পরিস্থিতি তাঁর জীবন ও রাজনৈতিক কর্মকাণ্ডে বড় প্রভাব ফেলে।

দীর্ঘ প্রায় ১৬ বছর আওয়ামী লীগ সরকারের শাসনামলে দেশের রাজনৈতিক ও রাষ্ট্রীয় কাঠামোর সংস্কারের বিষয়ে বিভিন্ন প্রস্তাব তুলে ধরেন তিনি। এর মধ্যে ৩১ দফা রাষ্ট্র সংস্কার পরিকল্পনা বিশেষভাবে আলোচনায় আসে। নির্বাসিত জীবন শেষে গত বছরের ২৫ ডিসেম্বর দেশে ফেরেন তারেক রহমান।

দেশে ফেরার পর জাতীয় সংসদ নির্বাচনে বগুড়া-৬ ও ঢাকা-১৭ আসনে প্রতিদ্বন্দ্বিতা করে উভয় আসনেই বিজয়ী হন তিনি। ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা অর্জন করে। এরপর ১৭ ফেব্রুয়ারি প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান।

প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণের পর গত নয় মাসে অর্থনীতি, কৃষি, স্বাস্থ্য, শিক্ষা ও সামাজিক নিরাপত্তাসহ বিভিন্ন খাতে বেশ কিছু কর্মসূচি গ্রহণ করেছে তাঁর সরকার।

ব্যাংকিং খাতে খেলাপি ঋণ আদায়ে উদ্যোগ জোরদার করা হয়েছে। এর ফলে খেলাপি ঋণের হার ৩৫ দশমিক ৭৩ শতাংশ থেকে কমে ৩২ দশমিক ৭৮ শতাংশে নেমেছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। একই সময়ে পাঁচ মাসে বৈদেশিক ঋণের আসল ও সুদ বাবদ প্রায় ২ দশমিক ০৪৭৬ বিলিয়ন মার্কিন ডলার পরিশোধের তথ্যও তুলে ধরা হয়েছে।

রপ্তানি খাতে যুক্তরাষ্ট্রসহ অপ্রচলিত বাজারগুলোতে তৈরি পোশাক রপ্তানিতে প্রবৃদ্ধির কথা জানানো হয়েছে। পাশাপাশি মার্কিন ডলার ও ভারতীয় রুপির বিপরীতে টাকার মান গত সাড়ে পাঁচ বছরের মধ্যে সর্বোচ্চ পর্যায়ে পৌঁছেছে বলে প্রতিবেদনে দাবি করা হয়েছে।

সামাজিক নিরাপত্তা কর্মসূচির আওতায় নিম্ন আয়ের পরিবারগুলোর জন্য মাসিক ২ হাজার ৫০০ টাকা সহায়তা দিতে ‘ফ্যামিলি কার্ড’ কর্মসূচি চালু করেছে সরকার। কৃষকদের কৃষি উপকরণ, ঋণ ও সরকারি সেবা সহজলভ্য করতে নেওয়া হয়েছে ‘কৃষক কার্ড’ কর্মসূচি। এ ছাড়া প্রায় ১২ লাখ ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের কৃষিঋণ ও সংশ্লিষ্ট সুদ মওকুফের উদ্যোগ নেওয়া হয়েছে।

স্বাস্থ্য খাতে হেলথ কার্ড চালু ও প্রাথমিক স্বাস্থ্যসেবা সম্প্রসারণের উদ্যোগ নেওয়া হয়েছে। শিক্ষা খাতে স্নাতক পর্যায় পর্যন্ত মেয়েদের বিনামূল্যে শিক্ষার সুযোগ, প্রাথমিক বিদ্যালয়ে মিড-ডে মিল, বিনামূল্যে ওয়াই-ফাই এবং শিক্ষাক্রমে নতুন বিষয় অন্তর্ভুক্তির পরিকল্পনা রয়েছে। পাশাপাশি শিক্ষার্থীদের সংসদ অধিবেশন প্রত্যক্ষ করার সুযোগ ও ক্রীড়া-উদ্ভাবন প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে। এমপিওভুক্ত অবসরপ্রাপ্ত শিক্ষকদের পাওনা পরিশোধে ২ হাজার কোটি টাকা ছাড় করেছে সরকার।

ধর্মীয় কল্যাণের অংশ হিসেবে ইমাম, মুয়াজ্জিন ও অন্যান্য ধর্মীয় নেতাদের জন্য সম্মানী ভাতা চালু করা হয়েছে। পরিবেশ সুরক্ষা ও জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলায় দেশব্যাপী খাল খনন ও বৃক্ষরোপণ কর্মসূচি নেওয়া হয়েছে। প্রবাসীদের সেবা ও কল্যাণমূলক সুবিধা বাড়াতে ‘প্রবাসী কার্ড’ চালুর উদ্যোগও রয়েছে।

সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখতে বিভিন্ন ধর্মীয় উৎসবে নিরাপত্তা ও সরকারি সহায়তা বাড়ানোর উদ্যোগ নেওয়া হয়েছে। দুর্গাপূজা ও বুদ্ধপূর্ণিমাসহ বিভিন্ন ধর্মীয় উৎসব নির্বিঘ্নে উদযাপনে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের কথাও জানিয়েছে সরকার।

সুশাসন প্রতিষ্ঠা ও সরকারি ব্যয় নিয়ন্ত্রণে সরকারি যানবাহন কেনার ক্ষেত্রে বিধিনিষেধ, অপ্রয়োজনীয় বিদেশ সফর ও প্রশিক্ষণ কমানো এবং আর্থিক শৃঙ্খলা নিশ্চিত করার উদ্যোগ নেওয়া হয়েছে। প্রধানমন্ত্রীর চলাচলের সময় সীমিত গাড়িবহর ব্যবহার ও দীর্ঘ সময় সড়ক বন্ধ না রাখার সিদ্ধান্তও সরকারের ব্যয়সংকোচন ও জনভোগান্তি কমানোর পদক্ষেপ হিসেবে আলোচনায় এসেছে।

এদিকে সংসদীয় গণতন্ত্র ও জবাবদিহি প্রতিষ্ঠার বিষয়েও গুরুত্ব দিচ্ছে সরকার। সংসদে প্রশ্নোত্তর, আলোচনা ও প্রাতিষ্ঠানিক নজরদারি বাড়ানোর পাশাপাশি প্রথম অধিবেশনেই ১৩৩টি অধ্যাদেশ নিষ্পত্তির উদ্যোগ নেওয়া হয়েছে।

তারেক রহমানের রাজনৈতিক দর্শনে বহুত্ববাদী ও বৈষম্যহীন বাংলাদেশ গঠনের বিষয়টি গুরুত্ব পেয়েছে। তাঁর ঘোষিত ‘রেইনবো নেশন’ ধারণায় ধর্ম, বর্ণ ও মতের ভিন্নতা সত্ত্বেও সব নাগরিকের সমান অধিকার, মর্যাদা ও নিরাপত্তা নিশ্চিত করার প্রত্যাশা তুলে ধরা হয়েছে। একই সঙ্গে জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলা, মেধাভিত্তিক সমাজ প্রতিষ্ঠা এবং আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের অবস্থান শক্তিশালী করার লক্ষ্যও রয়েছে।

দীর্ঘ রাজনৈতিক পথপরিক্রমা পেরিয়ে এখন রাষ্ট্র পরিচালনার দায়িত্বে রয়েছেন তারেক রহমান। নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়ন, অর্থনৈতিক স্থিতিশীলতা নিশ্চিত করা, কর্মসংস্থান সৃষ্টি, সুশাসন প্রতিষ্ঠা এবং গণতান্ত্রিক প্রতিষ্ঠান গুলোকে শক্তিশালী করাই তাঁর সরকারের সামনে বড় চ্যালেঞ্জ।