শিক্ষার্থীদের লেখাপড়ায় মনোযোগী করা, খেলাধুলায় উৎসাহিত করা এবং মাদকসহ বিভিন্ন সামাজিক অবক্ষয় থেকে দূরে রেখে একটি সম্ভাবনাময় তরুণ প্রজন্ম গড়ে তুলতে বহুমুখী উদ্যোগ নিয়েছেন শ্রীমঙ্গল উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. জিয়াউর রহমান।

বিশেষ করে উপজেলার প্রত্যন্ত চা-বাগান ও পাহাড়ি জনপদের শিক্ষার্থীদের সম্ভাবনা বিকাশে তাঁর এসব উদ্যোগ স্থানীয়ভাবে প্রশংসিত হচ্ছে।

এরই ধারাবাহিকতায় সোমবার বিকেলে শ্রীমঙ্গলের র‍্যানার স্কুল অ্যান্ড কলেজ মাঠে অনুষ্ঠিত হয়েছে এক প্রীতি বালিকা ফুটবল ম্যাচ। এতে অংশ নেয় শহর থেকে প্রায় ২৫ কিলোমিটার দূরে সীমান্তবর্তী হরিণছড়া চা-বাগানের আলুবাড়ি গারো পল্লিসহ ডিনস্টন ও খেজুরিছড়া চা-বাগানের ছাত্রীরা।

খেলার আগে বালিকা ফুটবল দলের ২৩ জন সদস্যের হাতে জার্সি, মোজা ও ফুটবল খেলার বুটসহ প্রয়োজনীয় ক্রীড়াসামগ্রী তুলে দেন ইউএনও মো. জিয়াউর রহমান। উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত ম্যাচটি উপভোগ করেন তিনি। এ সময় শিক্ষার্থীদের সঙ্গে কথা বলেন এবং তাদের খেলাধুলায় নিয়মিত অংশগ্রহণের উৎসাহ দেন।

জানা যায়, হরিণছড়া চা-বাগানের আলুবাড়ি গারো পল্লির মেয়েদের ফুটবলের প্রতি প্রবল আগ্রহ রয়েছে। কিন্তু খেলার উপযুক্ত মাঠ ও প্রয়োজনীয় ক্রীড়াসামগ্রীর অভাবে তারা নিয়মিত অনুশীলন ও খেলার সুযোগ পাচ্ছিল না। তাদের এই সীমাবদ্ধতার কথা জানতে পেরে সহযোগিতার হাত বাড়িয়ে দেন ইউএনও জিয়াউর রহমান।

তিনি বলেন, তরুণীদের খেলাধুলায় উৎসাহিত করতেই এ উদ্যোগ নেওয়া হয়েছে। শিগগিরই তাদের জন্য একটি খেলার মাঠের ব্যবস্থা করা হবে। খেলাধুলা তরুণীদের শারীরিক ও মানসিক বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। পাশাপাশি মাদক ও অসামাজিক কর্মকাণ্ড থেকে দূরে থাকতেও সহায়তা করে। খেলায় হরিণছড়া, খেজুরিছড়া, ডিনসবটন চা বাগানের নৃ-গোষ্ঠির বালিকারা অয়শগ্রহন করে।

এ সময় উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) মিনহাজুল ইসলাম, শ্রীমঙ্গল পৌরসভার নির্বাহী প্রকৌশলী জহিরুল ইসলাম, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা অসীম কুমার কর, জনস্বাস্থ্য প্রকৌশলী সাইফুল ইসলাম, উপজেলা নির্বাচন কর্মকর্তা রাশেদুল ইসলাম, র‍্যানার স্কুল অ্যান্ড কলেজের প্রধান শিক্ষক নুরুল হক এবং উপজেলা ক্রীড়া সংস্থার প্রতিনিধি মোবারক হোসেন লুপ্পাসহ সংশ্লিষ্ট ব্যক্তিরা।

শুধু বালিকা ফুটবলারদের পাশে দাঁড়ানোই নয়, শিক্ষার্থীদের সুস্থ বিনোদন ও সৃজনশীল কর্মকাণ্ডে যুক্ত করতেও নানা উদ্যোগ নিয়েছেন ইউএনও জিয়াউর রহমান। সম্প্রতি উপজেলার সাতগাঁও লছনা মাঠে শিক্ষার্থীদের মধ্যে জার্সি, ফুটবল ও অন্যান্য ক্রীড়াসামগ্রী বিতরণ করেন। একই সঙ্গে মাঠটি সংস্কারের উদ্যোগ নেন, যাতে শিক্ষার্থীরা নিয়মিত খেলাধুলার সুযোগ পায়।
শিক্ষার প্রসারেও তাঁর উদ্যোগ উল্লেখযোগ্য। লছনা মাঠে ৪৬ জন ছাত্রি নিয়মিত ফুটবল খেলে বলে জানা গেছে।

সম্প্রতি শ্রীমঙ্গল উপজেলার ২৮টি বিদ্যালয়ের প্রায় ২৫ হাজার শিক্ষার্থীকে নিয়ে আয়োজন করেন দুই মাসব্যাপী বই পড়া উৎসব। ব্যতিক্রমী এই আয়োজন শিক্ষার্থী, শিক্ষক ও অভিভাবকদের মধ্যে ব্যাপক সাড়া ফেলে।

উপজেলা প্রশাসনের এসব উদ্যোগের মূল লক্ষ্য শিক্ষার্থীদের বিদ্যালয়মুখী করা, পড়াশোনায় আগ্রহী করে তোলা, খেলাধুলার সুযোগ সৃষ্টি এবং তাদের বিপথগামী হওয়া থেকে রক্ষা করা। প্রত্যন্ত জনপদের সুবিধাবঞ্চিত শিক্ষার্থীদের প্রতিভা বিকাশের সুযোগ করে দেওয়ার মাধ্যমে একটি শিক্ষিত, সুস্থ ও মানবিক প্রজন্ম গড়ে তুলতে কাজ করছেন ইউএনও মো. জিয়াউর রহমান।

স্থানীয়দের প্রত্যাশা, নিয়মিত অনুশীলনের সুযোগ, একটি উপযুক্ত খেলার মাঠ ও প্রয়োজনীয় সহযোগিতা পেলে চা-বাগানের এই মেয়েরা ভবিষ্যতে ফুটবলে আরও ভালো করবে। উপজেলা প্রশাসনের এমন উদ্যোগ তাদের স্বপ্ন পূরণের পথেও নতুন সম্ভাবনা তৈরি করেছে।