দ্বীপজেলা ভোলায় নতুন একটি গ্যাসকূপের সন্ধান পেয়েছে বাংলাদেশ পেট্রোলিয়াম এক্সপ্লোরেশন অ্যান্ড প্রোডাকশন কোম্পানি লিমিটেড (বাপেক্স)। ‘ভোলা নর্থ-৩’ নামের এ কূপ থেকে দৈনিক ২২ থেকে ২৫ মিলিয়ন ঘনফুট গ্যাস উৎপাদনের প্রাথমিক সম্ভাবনা রয়েছে।

রোববার (১৫ নভেম্বর) সকাল পৌনে ১০টার দিকে ভোলা সদর উপজেলার পশ্চিম ইলিশা ইউনিয়নের জাঙ্গালিয়া গ্রামে নতুন এ কূপে আগুন জ্বালানোর মধ্য দিয়ে ড্রিল স্টেম টেস্ট (ডিএসটি) শুরু করা হয়েছে।

বাপেক্স জানায়, কূপটিতে ৩ হাজার ৫২৬ মিটার গভীরতা পর্যন্ত খনন করা হয়েছে। প্রাথমিক পর্যবেক্ষণে এ কূপ থেকে দৈনিক প্রায় ২২ থেকে ২৫ মিলিয়ন ঘনফুট গ্যাস উৎপাদনের সম্ভাবনা দেখা গেছে।

বাপেক্সের তথ্য অনুযায়ী, বর্তমানে ভোলায় তিনটি গ্যাসক্ষেত্র রয়েছে। নতুন কূপসহ জেলাটিতে মোট গ্যাসকূপের সংখ্যা দাঁড়িয়েছে ১০টিতে। দ্বীপজেলায় প্রায় পৌনে দুই ট্রিলিয়ন ঘনফুট গ্যাসের মজুত রয়েছে।

নতুন আবিষ্কৃত ভোলা নর্থ-৩ কূপের চূড়ান্ত গ্যাস মজুতের পরিমাণ ড্রিল স্টেম টেস্ট (ডিএসটি) শেষ হওয়ার পর আনুষ্ঠানিকভাবে জানানো হবে।