পবিত্র কুরআনের আয়াতুল কুরসি খোদাই করা ঐতিহাসিক পান্নার গয়না পরায় বলিউড অভিনেত্রী কারিনা কাপুর খানকে আইনি নোটিশ দেওয়া হয়েছে। সামাজিক অধিকারকর্মী আব্বাস হাফিজসহ মুসলিম সম্প্রদায়ের কয়েকজন সদস্যের আপত্তির পরিপ্রেক্ষিতে এ নোটিশ দেওয়া হয়।

দীপাবলি উপলক্ষে বিশেষ সাজে হাজির হয়েছিলেন কারিনা। এদিন ডিজাইনার পুনিত বালানার তৈরি বেইজ রঙের কাফতানের সঙ্গে একই রঙের পাগড়ি পরেছিলেন তিনি। পাগড়িতে ছিল ঝলমলে একটি কলগি, যা কারিনার স্বামী সাইফ আলী খান নিজের বিয়ের দিন পরেছিলেন।

তবে কারিনার সাজে সবচেয়ে বেশি নজর কাড়ে ৩০ ক্যারেটের একটি পান্নার লকেট। এতে পবিত্র কুরআনের দ্বিতীয় সূরা আল-বাকারার ২৫৫তম আয়াত ‘আয়াতুল কুরসি’ খোদাই করা রয়েছে। ঐতিহাসিক এই গয়নাটি একসময় ভোপালের বেগমের ছিল। সাইফ আলী খানের সঙ্গে বিয়ের পর এটি কারিনার কাছে আসে।

কারিনার সাজসজ্জার দায়িত্বে থাকা রিয়া কাপুর সামাজিক যোগাযোগমাধ্যম ইনস্টাগ্রামে গয়নাটির ইতিহাস তুলে ধরেন। তিনি জানান, কারিনার পরনে ছিল পুনিত বালানার তৈরি খাঁটি রুপার কাফতান ও পাগড়ি। সঙ্গে ছিল ভোপালের নবাবের ২০০ বছরের পুরোনো কলগি এবং ভোপালের বেগমের ৩০ ক্যারেটের পান্না, যাতে আয়াতুল কুরসি খোদাই করা।

রিয়া আরও জানান, গয়নাগুলো সাইফের পারিবারিক উত্তরাধিকার। তার দাদি সাজিদা সুলতান ছিলেন ভোপালের শেষ শাসক নবাবের মেয়ে। পারিবারিক সূত্রেই ঐতিহাসিক গয়নাগুলো সাইফের পরিবারের কাছে এসেছে।

এদিকে নিজের সাজের কয়েকটি ছবি ইনস্টাগ্রামে প্রকাশ করেন কারিনা। ছবির ক্যাপশনে তিনি লেখেন, ‘দীপাবলি মানেই ঐতিহ্যকে যথাযথভাবে উদ্‌যাপন করা।’

সূত্র: এনডিটিভি