দেশের প্রায় ৬ কোটি নগরবাসীর স্বাস্থ্য সুরক্ষার দায়িত্ব গ্রহণ করেছে স্বাস্থ্য মন্ত্রণালয়। সেবা সচল রাখতে আগামী ছয় মাস আগের কাঠামোতেই নগর স্বাস্থ্যকেন্দ্রগুলো পরিচালিত হবে। এ সময়ের মধ্যে একটি টেকসই ও বহুমুখী কর্মপরিকল্পনার মাধ্যমে নগর স্বাস্থ্য মডেল চূড়ান্ত করা হবে বলে জানিয়েছেন স্বাস্থ্য প্রতিমন্ত্রী ড. এম এ মুহিত।
বুধবার (১১ নভেম্বর) বিকেলে রাজধানীর প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলে আয়োজিত এক সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
সুইডেন দূতাবাস ও ইউনিসেফের সহযোগিতায় ‘বাংলাদেশ আরবান হেলথ নেটওয়ার্ক’ (বিইউএইচএন) এবং ‘এমিনেন্স’ যৌথভাবে ‘নগর স্বাস্থ্য: বহুমুখী খাতের সম্পৃক্ততা বৃদ্ধি’ শীর্ষক এ আলোচনার আয়োজন করে।
স্বাস্থ্য প্রতিমন্ত্রী বলেন, গ্রামীণ জনগোষ্ঠীর জন্য উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সুনির্দিষ্ট নেটওয়ার্ক থাকলেও নগরের বিপুল জনগোষ্ঠীর স্বাস্থ্য সুরক্ষায় স্বাস্থ্য মন্ত্রণালয়ের সরাসরি কোনো আনুষ্ঠানিক দায়িত্ব ছিল না। এ শূন্যতা পূরণে বর্তমান সরকার নগর স্বাস্থ্যের দায়িত্ব গ্রহণের সিদ্ধান্ত নিয়েছে।
তিনি জানান, বিদ্যমান নগর স্বাস্থ্যকেন্দ্রগুলো সরকারি ব্যবস্থাপনায় পুরোপুরি রূপান্তরের আগ পর্যন্ত আগামী ছয় মাস আগের অংশীদারত্বমূলক কাঠামোতেই চালু থাকবে। এ লক্ষ্যে প্রয়োজনীয় নীতিগত ও আর্থিক অনুমোদন দেওয়া হয়েছে। এ সময়ের মধ্যে একটি পূর্ণাঙ্গ, টেকসই ও সাশ্রয়ী নগর স্বাস্থ্য মডেল চূড়ান্ত করা হবে।
স্বাস্থ্য বাজেট প্রসঙ্গে প্রতিমন্ত্রী বলেন, দেশের ইতিহাসে এবারই স্বাস্থ্য খাতে সর্বোচ্চ বরাদ্দ দেওয়া হয়েছে। আগামী পাঁচ বছরে স্বাস্থ্য বাজেট জাতীয় বাজেটের ৫ শতাংশে উন্নীত করার রাজনৈতিক প্রতিশ্রুতি রয়েছে সরকারের।
নগর স্বাস্থ্য ব্যবস্থাকে শুধু হাসপাতাল ও ওষুধের মধ্যে সীমাবদ্ধ না রেখে আবাসন, নিরাপদ পানি, পয়োনিষ্কাশন, কর্মসংস্থান, মানসিক স্বাস্থ্য এবং অসংক্রামক রোগ প্রতিরোধের মতো বিষয়গুলোও বিবেচনায় নেওয়ার আহ্বান জানান তিনি।
ড. এম এ মুহিত বলেন, উপজেলা পর্যায়ের স্বাস্থ্য কাঠামো সরাসরি শহরে প্রয়োগ না করে নগরবাসীর প্রকৃত চাহিদা যাচাই, ইলেকট্রনিক স্বাস্থ্য কার্ড চালু এবং সরকারি-বেসরকারি খাতের মধ্যে কার্যকর রেফারেল নেটওয়ার্ক গড়ে তোলা প্রয়োজন।
পরিকল্পনা কমিশনে নগর স্বাস্থ্য প্রকল্পের প্রাথমিক অন্তর্ভুক্তি সম্পন্ন হয়েছে জানিয়ে প্রতিমন্ত্রী জনস্বাস্থ্য বিশেষজ্ঞ, গবেষক ও উন্নয়ন সহযোগীদের একটি বাস্তবসম্মত, ব্যয়সাশ্রয়ী ও বহুখাতভিত্তিক কর্মপরিকল্পনা প্রণয়নের আহ্বান জানান।
আলোচনা সভায় আরও বক্তব্য দেন ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ড্যাব) সভাপতি অধ্যাপক ডা. হারুন আল রশীদ, স্বাস্থ্য অর্থনীতি ইউনিটের মহাপরিচালক ড. মো. এনামুল হক, নিপসমের পরিচালক অধ্যাপক ডা. নাসরিন সুলতানা, ইউনিসেফ বাংলাদেশের হেলথ ম্যানেজার ডা. দেওয়ান মো. ইমদাদুল হক, বিশ্বব্যাংকের প্রতিনিধি ওয়ামেক রাজা এবং বাংলাদেশ মেডিকেল রিসার্চ কাউন্সিলের পরিচালক কাজী সাইফুদ্দিন বেননূর।
এ ছাড়া সভায় স্বাস্থ্য মন্ত্রণালয় ও অধিদপ্তরের কর্মকর্তা, দেশি-বিদেশি উন্নয়ন সহযোগী সংস্থার প্রতিনিধি, জনস্বাস্থ্য বিশেষজ্ঞ এবং সংশ্লিষ্ট অংশীজনেরা মতামত তুলে ধরেন।
মন্তব্য করুন