মালয়েশিয়ায় অভিবাসন আইন লঙ্ঘনের দায়ে আটক ১৮২ জন বিদেশি নাগরিককে নিজ নিজ দেশে ফেরত পাঠিয়েছে দেশটির অভিবাসন বিভাগ। ফেরত পাঠানো ব্যক্তিদের মধ্যে ৪৫ জন বাংলাদেশি রয়েছেন।

অক্টোবরের শেষ সপ্তাহে জোহর রাজ্যের পেকান নেনাস ইমিগ্রেশন ডিটেনশন ডিপো থেকে ৯টি দেশের এসব নাগরিককে ফেরত পাঠানো হয়।

মালয়েশিয়ার অভিবাসন বিভাগের তথ্য অনুযায়ী, ফেরত পাঠানো ব্যক্তিদের মধ্যে ইন্দোনেশিয়ার ৮৫ জন, বাংলাদেশের ৪৫, মিয়ানমারের ২৫, পাকিস্তানের ১৫, ভারত ও থাইল্যান্ডের ৩ জন করে, কম্বোডিয়ার ৩, শ্রীলঙ্কার ২ এবং চীনের ১ জন রয়েছেন।

অভিবাসন বিভাগ জানিয়েছে, কুয়ালালামপুর আন্তর্জাতিক বিমানবন্দরের টার্মিনাল-১ ও টার্মিনাল-২ দিয়ে তাদের নিজ নিজ দেশে পাঠানো হয়েছে। অধিকাংশের বৈধ পাসপোর্ট থাকলেও যাদের পাসপোর্ট ছিল না, তাদের কয়েকজনকে নিজ দেশের দূতাবাসের মাধ্যমে জরুরি ভ্রমণ নথি দেওয়া হয়।

ফেরত পাঠানো প্রত্যেক ব্যক্তির নাম অভিবাসন বিভাগের কালো তালিকায় অন্তর্ভুক্ত করা হয়েছে। নিষেধাজ্ঞার নির্ধারিত মেয়াদ অনুযায়ী তারা পুনরায় মালয়েশিয়ায় প্রবেশ করতে পারবেন না।

এদিকে, আটক ব্যক্তিদের দেশে ফেরার প্রক্রিয়া সহজ করতে পেকান নেনাস ইমিগ্রেশন ডিটেনশন ডিপোতে বিশেষ সেবাকেন্দ্র চালু রয়েছে। সেখান থেকে বিমান টিকিট কেনাসহ প্রয়োজনীয় কার্যক্রম সম্পন্ন করা যাবে। এ জন্য কোনো সেবামূল্য বা অতিরিক্ত চার্জ নেওয়া হয় না বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

এ বিষয়ে বিস্তারিত জানতে পেকান নেনাস ইমিগ্রেশন ডিপোর রেকর্ড ও প্রত্যাবাসন ইউনিটের ০৭-৬৯৯৩৫৪০ নম্বরে যোগাযোগ অথবা অনলাইন অনুসন্ধান ব্যবস্থার মাধ্যমে তথ্য নেওয়ার পরামর্শ দিয়েছে অভিবাসন বিভাগ।