ভারতে অবস্থানরত শেখ হাসিনা যত দিন বেঁচে থাকবেন, তত দিন সরকারকে শান্তিতে থাকতে দেবেন না বলে মনে করেন প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান। তবে আওয়ামী লীগের নাশকতার চেষ্টা আগামী ডিসেম্বরে শেখ হাসিনার দেশে ফেরার পথ সুগম করবে না বলেও মন্তব্য করেন তিনি।
মঙ্গলবার (৩ নভেম্বর) সচিবালয়ে সরকারের বিভিন্ন কার্যক্রমের অগ্রগতি ও সমসাময়িক বিষয় নিয়ে আয়োজিত এক ব্রিফিংয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন তথ্য উপদেষ্টা।
তিনি বলেন, রাজনৈতিক দল হিসেবে আওয়ামী লীগের মাঠপর্যায়ে বড় কর্মসূচি বাস্তবায়নের সক্ষমতা রয়েছে বলে তিনি মনে করেন না। তবে দলটির কাছে প্রচুর অর্থ থাকায় দেশের বিভিন্ন স্থানে নাশকতা বা অস্থিতিশীলতা সৃষ্টির চেষ্টা হতে পারে। তবে পোশাকশ্রমিকদের চলমান আন্দোলনের সঙ্গে এসব প্রচেষ্টাকে মিলিয়ে দেখা ঠিক হবে না।
তৈরি পোশাক খাতের শ্রমিক অসন্তোষের সঙ্গে আগামী ডিসেম্বরের কোনো রাজনৈতিক সংযোগ রয়েছে বলেও তিনি ব্যক্তিগতভাবে মনে করেন না।
ডা. জাহেদ উর রহমান বলেন, জীবনযাত্রার ব্যয় ও মূল্যস্ফীতি বেড়ে যাওয়ায় পোশাকশ্রমিকদের স্বাভাবিক জীবনযাপন কঠিন হয়ে পড়েছে। আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের দাম বৃদ্ধির প্রভাব নিত্যপণ্যের বাজারেও পড়েছে। তবে শ্রমিকদের প্রতি সহানুভূতিশীল হয়ে সরকার আগেই নতুন মজুরি বোর্ড গঠন করেছে।
জ্বালানি খাতের পরিস্থিতি তুলে ধরে তথ্য উপদেষ্টা জানান, ২০২৬-২৭ অর্থবছরে বিদ্যুৎ ও জ্বালানি খাতে ৪৮ হাজার কোটি টাকা ভর্তুকির বাজেট পরিকল্পনা রয়েছে। তবে এত বড় অঙ্কের ভর্তুকি দীর্ঘদিন ধরে দেওয়ার সক্ষমতা সরকারের কমে আসছে বলেও সতর্ক করেন তিনি।
মন্তব্য করুন