বসনিয়ায় ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) শান্তিরক্ষা মিশন ইইউফোরের একটি সামরিক হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে চারজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ১১ জন। বৃহস্পতিবার (২৯ অক্টোবর) নিয়মিত প্রশিক্ষণ কার্যক্রম চলাকালে ইতালির সামরিক বাহিনীর একটি সিএইচ-৪৭ চিনুক হেলিকপ্টার দুর্ঘটনার শিকার হয়।

ইইউফোর জানায়, বসনিয়ার ব্রচকো অঞ্চলে হেলিকপ্টারটি বিধ্বস্ত হয়। এলাকাটি দেশটির রাজধানী সারায়েভো থেকে প্রায় ১৮০ কিলোমিটার উত্তরে অবস্থিত।

দুর্ঘটনায় আহত ১১ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাদের সবার শারীরিক অবস্থা স্থিতিশীল বলে জানিয়েছে ইইউফোর।

ইতালি সরকার এক বিবৃতিতে জানায়, দুর্ঘটনার সময় হেলিকপ্টারে থাকা সবাই ছিলেন ইতালির নাগরিক। দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, নিহতদের মধ্যে দুজন সেনাসদস্য ও দুজন রেড ক্রসের স্বেচ্ছাসেবক রয়েছেন।

এ ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন ইতালির প্রতিরক্ষামন্ত্রী গুইদো ক্রসেত্তো। তিনি নিহতদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে বলেন, এই শোকের মুহূর্তে তার প্রথম চিন্তা নিহতদের স্বজনদের নিয়ে। তাদের প্রতি ব্যক্তিগতভাবে এবং পুরো প্রতিরক্ষা প্রতিষ্ঠানের পক্ষ থেকে সমবেদনা জানিয়েছেন তিনি।

সূত্র: আল জাজিরা।