পদ্মা ও তিস্তা নদীতে ব্যারাজ নির্মাণের কাজ শুরু ও শেষ করার ঘোষণা দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। একই সঙ্গে দেশের মানুষের পানির ন্যায্য হিস্যা আদায়ে সর্বোচ্চ চেষ্টা করার প্রতিশ্রুতি দিয়েছেন তিনি।

মঙ্গলবার (২০ অক্টোবর) বিকেল সাড়ে ৪টার দিকে রাজশাহী নগরীর ঐতিহাসিক মাদরাসা মাঠে আয়োজিত জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

প্রধানমন্ত্রী বলেন, পদ্মা নদীর পানিপ্রবাহ বাধাগ্রস্ত হওয়ায় রাজশাহীসহ বিভিন্ন এলাকায় পানির সংকট দেখা দিচ্ছে। এ সমস্যা সমাধানে পদ্মা ও তিস্তা নদীতে ব্যারাজ নির্মাণের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। পানির ন্যায্য হিস্যা আদায়ে সংশ্লিষ্টদের সঙ্গে আলোচনা করা হবে বলেও জানান তিনি।

কৃষকদের সহায়তার বিষয়ে তারেক রহমান বলেন, সরকার গঠনের সাত দিনের মধ্যে ১০ হাজার টাকা পর্যন্ত কৃষিঋণ সুদসহ মওকুফের প্রতিশ্রুতি বাস্তবায়ন করা হয়েছে। এ সুবিধা পেয়েছেন দেশের ১৩ লাখ কৃষক। পাশাপাশি প্রায় চার হাজার আখচাষিকে প্রণোদনা দেওয়া হয়েছে।

তিনি জানান, কৃষকদের জন্য ‘ফার্মার্স কার্ড’ বা কৃষক কার্ড চালুর কাজ চলছে। এ বছর ভূমিহীন, প্রান্তিক ও ক্ষুদ্র কৃষক নারী-পুরুষ মিলিয়ে ৪০ লাখ কৃষকের কাছে কার্ড পৌঁছে দেওয়ার পরিকল্পনা রয়েছে। এর মাধ্যমে কৃষি উপকরণ, ফসলের বিমা ও ব্যাংকঋণ গ্রহণে সুবিধা দেওয়ার চেষ্টা করবে সরকার।

প্রধানমন্ত্রী আরও বলেন, আগামী পাঁচ বছরে ২০ হাজার কিলোমিটার খাল খনন ও নদী সংস্কারের পরিকল্পনা রয়েছে। এর মধ্যে গত আট মাসে প্রায় ৮০০ কিলোমিটার খাল খনন করা হয়েছে বলে জানান তিনি। এসব উদ্যোগের ফলে সেচের সুবিধা বাড়ার পাশাপাশি ভূগর্ভস্থ পানির স্তর পুনরায় পূরণে সহায়তা হবে বলে আশা প্রকাশ করেন তিনি।

স্বাস্থ্য খাতের উন্নয়ন পরিকল্পনা তুলে ধরে তারেক রহমান বলেন, রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের শয্যাসংখ্যা ১ হাজার ৩০০ থেকে বাড়িয়ে ২ হাজার ৫০০ করা হবে। এ ছাড়া আগামী পাঁচ বছরে দেশের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সগুলোর শয্যাসংখ্যা ৫০ থেকে বাড়িয়ে ১৫০ করার পরিকল্পনা রয়েছে।

দেশে স্থিতিশীলতা, নিরাপত্তা ও কর্মসংস্থান নিশ্চিত করার ওপর গুরুত্ব দিয়ে প্রধানমন্ত্রী বলেন, বন্ধ কলকারখানা চালু, কৃষকদের স্বাবলম্বী করা এবং শ্রমিকদের দক্ষতা বৃদ্ধির মাধ্যমে দেশে-বিদেশে কর্মসংস্থানের সুযোগ তৈরিতে সরকার কাজ করছে। তবে একটি বিশেষ দলসহ কয়েকটি দল রাজপথে বিশৃঙ্খলা সৃষ্টি করে এসব উদ্যোগ বাধাগ্রস্ত করার চেষ্টা করছে বলে অভিযোগ করেন তিনি।