সৌদি আরবের রাজধানী রিয়াদের কিং খালেদ আন্তর্জাতিক বিমানবন্দর বন্ধ থাকায় ঢাকা থেকে রিয়াদগামী এখন পর্যন্ত ১০টি ফ্লাইট বাতিল হয়েছে। এতে ভোগান্তিতে পড়েছেন ৩ হাজার ৪৩১ জন যাত্রী।

সোমবার (১২ অক্টোবর) সকালে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র জানায়, গত শনিবার (১০ অক্টোবর) কিং খালেদ আন্তর্জাতিক বিমানবন্দরে হুতিদের হামলার পর থেকে ঢাকা-রিয়াদ রুটে বিমান চলাচল কার্যত স্থবির হয়ে পড়েছে। এর প্রভাবে একের পর এক ফ্লাইট বাতিল হওয়ায় বিপাকে পড়েছেন যাত্রীরা।

এদিকে, সৌদি আরবের আরেকটি গুরুত্বপূর্ণ বিমানবন্দর দাম্মামের কিং ফাহাদ আন্তর্জাতিক বিমানবন্দরে রোববার (১১ অক্টোবর) থেকে বিমান ওঠানামা বন্ধ রয়েছে। ফলে ঢাকা থেকে দাম্মামগামী নতুন কোনো ফ্লাইটও ছেড়ে যায়নি। এতে ভোগান্তিতে পড়েছেন ওই রুটের যাত্রীরাও।