দেশের ১৮ কোটি মানুষের জন্য নিরাপদ পানি নিশ্চিত করতে বিভিন্ন উন্নয়ন সহযোগী সংস্থার সঙ্গে সমন্বিতভাবে প্রায় ২ দশমিক ১ বিলিয়ন মার্কিন ডলারের প্রকল্প নিয়ে আলোচনা চলছে বলে জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী ড. আবদুল মঈন খান।
বৃহস্পতিবার (৮ অক্টোবর) সচিবালয়ে ইউনিসেফের প্রতিনিধি দলের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের তিনি এ তথ্য জানান।
মন্ত্রী বলেন, দেশের মানুষের কাছে নিরাপদ ও সুপেয় পানি পৌঁছে দেওয়াই সরকারের অন্যতম বড় দায়িত্ব। নদী শুকিয়ে যাওয়া, উজানে পানি প্রত্যাহার এবং দক্ষিণাঞ্চলে লবণাক্ততা বৃদ্ধির কারণে নিরাপদ পানির সংকট বাড়ছে।
তিনি জানান, এ সমস্যা মোকাবিলায় ইউনিসেফের পাশাপাশি বিশ্বব্যাংক ও ওয়াটারএইডসহ বিভিন্ন উন্নয়ন সহযোগী সংস্থার সঙ্গে সমন্বিতভাবে পরিকল্পনা করা হচ্ছে। এসব সংস্থার সম্মিলিত প্রকল্পের অর্থায়ন প্রায় ২ দশমিক ১ বিলিয়ন মার্কিন ডলার, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ২৫ হাজার কোটি টাকা।
মন্তব্য করুন