ইলিশের প্রজনন মৌসুম উপলক্ষে আগামী ৮ অক্টোবর থেকে ২৯ অক্টোবর পর্যন্ত টানা ২২ দিন ইলিশ মাছ ধরা, বিক্রি, পরিবহন, বিপণন ও বাজারজাতকরণ নিষিদ্ধ করেছে সরকার।

মা ইলিশ সংরক্ষণ অভিযান বাস্তবায়নের প্রস্তুতি হিসেবে মঙ্গলবার দুপুরে চট্টগ্রাম সার্কিট হাউসের সভা কক্ষে জেলা টাস্কফোর্স কমিটির সভা অনুষ্ঠিত হয়। এতে জেলা মৎস্য কর্মকর্তা সালমা বেগমসহ সামুদ্রিক মৎস্য দপ্তর, নৌবাহিনী, কোস্ট গার্ড, নৌ পুলিশ, মেট্রোপলিটন পুলিশ, মৎস্য আড়তদার, মৎস্য সমিতি ও বরফকল মালিক সমিতির প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

সভায় বক্তারা বলেন, প্রতিটি মা ইলিশ প্রায় ৩ লাখ থেকে ১৫ লাখ পর্যন্ত ডিম দিতে পারে। প্রজনন মৌসুমে মা ইলিশ নিধন করা হলে ইলিশের উৎপাদন কমে যাওয়ার আশঙ্কা রয়েছে। তাই ইলিশের উৎপাদন বাড়াতে ২২ দিন মাছ ধরা ও বিক্রিসহ সংশ্লিষ্ট সব কার্যক্রম বন্ধ রাখা হয়েছে।

এ সময় জানানো হয়, নিষেধাজ্ঞার ২২ দিন উপকূলীয় এলাকার জেলেদের মধ্যে সরকারের পক্ষ থেকে খাদ্য সহায়তা বিতরণ করা হবে।