পটুয়াখালীর দুমকিতে উৎসাহ-উদ্দীপনা ও নানা কর্মসূচির মধ্য দিয়ে বিশ্ব শিক্ষক দিবস উদযাপিত হয়েছে। এ উপলক্ষে উপজেলা পরিষদের উদ্যোগে এবং বেসরকারি স্কুল, কলেজ ও মাদরাসা শিক্ষক সমিতির আয়োজনে বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

সোমবার (৫ অক্টোবর) সকাল সাড়ে ১০টায় উপজেলা পরিষদ চত্বর থেকে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা (র‌্যালি) বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে উপজেলা অডিটোরিয়ামে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

মাধ্যমিক বেসরকারি শিক্ষক সমিতির সভাপতি কাজী মাকসুদুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আবদুল্লাহ খায়রুল ইসলাম চৌধুরী।‌

আলোচনা সভায় বিশেষ অতিথি ছিলেন উপজেলা শিক্ষা কর্মকর্তা সুনীল কুমার, দুমকী উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক মোঃ মতিউর রহমান দিপু, মোঃ দেলোয়ার হোসেন। আরো বক্তব্য রাখেন মাধ্যমিক শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক আব্দুল জব্বার হাওলাদার এবং স্কুল-কলেজ বেসরকারি শিক্ষক সমিতির সভাপতি অধ্যক্ষ জামাল হোসেন। এছাড়াও উপস্থিত ছিলেন সৃজনী বিদ্যানিকেতন স্কুলের প্রধান শিক্ষক আব্দুল কুদ্দুস, লেবুখালী সরকার হাবিবুল্লাহ মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক কামরুজ্জামান আশরাফ, আঙ্গারিয়া মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক বাবুর লস্কর, পাঙ্গাসিয়া মমতাজ উদ্দিন বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোছা. নাসিমা বেগম এবং একে মডেল মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা মাহমুদা আক্তার হ্যাপি সহ স্থানীয় শিক্ষক ও গণ্যমান্য ব্যক্তিবর্গ।

আলোচনা সভায় বক্তারা শিক্ষার গুণগত মানোন্নয়নে শিক্ষক সমাজের ভূমিকা ও আত্মত্যাগের কথা স্মরণ করেন। তারা শিক্ষকদের সামাজিক ও অর্থনৈতিক মর্যাদা বৃদ্ধি এবং তাদের ন্যায্য অধিকার ও সুযোগ-সুবিধা নিশ্চিত করার জোর দাবি জানান। একই সাথে দেশের ভবিষ্যৎ প্রজন্মকে নৈতিক ও আধুনিক শিক্ষায় গড়ে তুলতে শিক্ষকদের আরও দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানানো হয়।