পাকিস্তান ও ভারতের মানুষের তুলনায় বাংলাদেশিদের গড় আয়ু বেশি। বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) সর্বশেষ তথ্য অনুযায়ী, ২০২৩ সালে বাংলাদেশের মানুষের গড় আয়ু ছিল ৭২ দশমিক ৭ বছর। একই সময়ে ভারতে ৭১ বছর এবং পাকিস্তানে ৬৮ দশমিক ২ বছর।
তবে যুক্তরাষ্ট্র ও কানাডায় গড় আয়ু আরও বেশি। দেশ দুটিতে মানুষের গড় আয়ু যথাক্রমে ৭৮ দশমিক ৫ ও ৮১ দশমিক ৪ বছর।
ডব্লিউএইচওর তথ্য বলছে, বেশি গড় আয়ু মানেই মানুষ দীর্ঘ সময় সুস্থভাবে বেঁচে থাকেন—এমন নয়। সুস্থভাবে বেঁচে থাকার গড় সময় সাধারণত মোট গড় আয়ের চেয়ে কম।
গত শুক্রবার (২ অক্টোবর) নতুন তথ্য প্রকাশ করে জাতিসংঘের স্বাস্থ্যবিষয়ক সংস্থাটি।
করোনার আগের অবস্থায় ফিরেছে বৈশ্বিক গড় আয়ু
ডব্লিউএইচওর তথ্য অনুযায়ী, ২০২৩ সালে বিশ্বে মানুষের গড় আয়ু দাঁড়িয়েছে ৭৩ দশমিক ৩ বছরে। ২০১৯ সালে এই হার ছিল ৭৩ দশমিক ৪ বছর। অর্থাৎ করোনার আগের সময়ের প্রায় কাছাকাছি ফিরে এসেছে বৈশ্বিক গড় আয়ু।
করোনা মহামারির প্রভাবে ২০২১ সালে বৈশ্বিক গড় আয়ু কমে ৭১ দশমিক ৫ বছরে নেমে এসেছিল।
ডব্লিউএইচওর ডাটা বিভাগের প্রধান অ্যালাইন ল্যাবরিক বলেন, জনস্বাস্থ্যের ক্ষেত্রে গড় আয়ু বৃদ্ধি বড় অর্জন। এখন মানুষের সুস্থ শরীরে দীর্ঘদিন বেঁচে থাকা নিশ্চিত করাই পরবর্তী চ্যালেঞ্জ।
মন্তব্য করুন