পিছিয়ে পড়া নারী ও শিশুদের সমাজের মূলধারায় সম্পৃক্ত করতে শিক্ষা, স্বাস্থ্যসেবা ও কর্মসংস্থানের সুযোগ বাড়ানোর ওপর গুরুত্ব দিয়েছেন বক্তারা। তারা বলেন, সমান সুযোগ নিশ্চিত করা গেলে নারী ও শিশুরা স্বাবলম্বী হওয়ার পাশাপাশি দেশের উন্নয়নেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারবে।
মোমো নারী ও শিশু কল্যাণ কেন্দ্র আয়োজিত ‘পিছিয়ে পড়া নারী ও শিশুদের শিক্ষা, স্বাস্থ্য ও কর্ম’ শীর্ষক আলোচনা সভায় বক্তারা এসব কথা বলেন। সংগঠনের সভাপতি এস এম মোমোর সভাপতিত্বে অনুষ্ঠানের উদ্বোধন করেন পিরোজপুর-৩ আসনের সংসদ সদস্য মো. রহুল আমিন দুলাল। প্রধান অতিথি ছিলেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ও ঢাকা-১৩ আসনের সংসদ সদস্য ববি হাজ্জাজ।
প্রধান অতিথির বক্তব্যে ববি হাজ্জাজ বলেন, পিছিয়ে পড়া নারী ও শিশুদের উন্নয়নে শিক্ষা, স্বাস্থ্য ও কর্মসংস্থান—এই তিনটি ক্ষেত্রকে সমন্বিতভাবে এগিয়ে নিতে হবে। পাশাপাশি তাদের দক্ষতা উন্নয়ন ও স্বাবলম্বী হওয়ার সুযোগ তৈরি করতে হবে।
সভায় বক্তারা বলেন, দেশের বিভিন্ন এলাকায় এখনো অনেক নারী ও শিশু শিক্ষা, স্বাস্থ্যসেবা ও অর্থনৈতিক সুযোগ থেকে বঞ্চিত। তাদের এগিয়ে নিতে সরকারি-বেসরকারি উদ্যোগের পাশাপাশি সামাজিক সংগঠনগুলোকে আরও সক্রিয় হতে হবে। বিশেষ করে নারী উদ্যোক্তা তৈরি ও কর্মসংস্থানের সুযোগ বাড়ানোর ওপর গুরুত্ব দেন তারা।
অনুষ্ঠানে ফ্রি মেডিক্যাল ক্যাম্প, নারী উদ্যোক্তাদের পণ্য প্রদর্শনী ও বৃক্ষরোপণ কর্মসূচির আয়োজন করা হয়। পাশাপাশি আইনশৃঙ্খলা উন্নয়নে অবদানের স্বীকৃতি হিসেবে তেজগাঁও বিভাগের উপ-পুলিশ কমিশনার ইবনে মিজানসহ ১০ জনকে সম্মাননা দেওয়া হয়। দুই নারী উদ্যোক্তাকে সেলাই মেশিনও বিতরণ করা হয়।
এস এম মোমো বলেন, পিছিয়ে পড়া নারী ও শিশুদের কল্যাণে এ ধরনের কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে। শিক্ষা, স্বাস্থ্য ও কর্মসংস্থানের সুযোগ সৃষ্টির মাধ্যমে তাদের মূলধারায় সম্পৃক্ত করাই এ উদ্যোগের অন্যতম লক্ষ্য।
মন্তব্য করুন