অনাকাঙ্ক্ষিত ঘটনাকে পুঁজি করে একটি ‘গুপ্ত দল’ দেশে অস্থিতিশীলতা সৃষ্টির চেষ্টা করছে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেন, বিএনপি সর্বশক্তি নিয়োগ করে দেশে আইনের শাসন প্রতিষ্ঠা করবে এবং আইন সবার জন্য সমান থাকবে।
বৃহস্পতিবার (১ অক্টোবর) দুপুরে ফেনীর পরশুরামের ঘাটঘর এলাকায় মুহুরী-কহুয়া সেচ ও বন্যা নিয়ন্ত্রণ প্রকল্পের উদ্বোধন শেষে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
প্রধানমন্ত্রী বলেন, ওই দলটি সবসময় জনগণের স্বার্থবিরোধী অবস্থান নিয়েছে। অনাকাঙ্ক্ষিত ঘটনাকে কেন্দ্র করে যারা দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করছে, তাদের বিষয়ে সবাইকে সতর্ক থাকতে হবে। ১৯৭১ সালে ওই রাজনৈতিক দলের ভূমিকা নিয়েও দেশের মানুষের ভাবা উচিত বলে মন্তব্য করেন তিনি।
তারেক রহমান বলেন, বিএনপি মানুষের জন্য এবং দেশের কল্যাণে রাজনীতি করে। খাল ও নদী খনন, কৃষক কার্ড এবং ফ্যামিলি কার্ডের মতো কর্মসূচি মানুষের কল্যাণে নেওয়া হয়েছে।
তিনি বলেন, মুহুরী-কহুয়া প্রকল্প বাস্তবায়িত হলে পরশুরামের সাড়ে চার লাখ মানুষ উপকৃত হবেন। প্রায় ৩৪ হাজার হেক্টর জমিতে আবাদ করা সম্ভব হবে এবং ফসল উৎপাদন প্রায় এক লাখ মেট্রিক টন বাড়বে।
কৃষকদের জন্য নেওয়া বিভিন্ন উদ্যোগের কথা তুলে ধরে প্রধানমন্ত্রী বলেন, সরকার গঠনের পর কৃষকদের ১০ হাজার টাকা পর্যন্ত কৃষিঋণ মওকুফ করা হয়েছে। কৃষকদের সরাসরি সরকারি সহায়তা দিতে কৃষক কার্ড চালুর উদ্যোগ নেওয়া হয়েছে। এতে সরকারি সহায়তা পৌঁছাতে মধ্যস্বত্বভোগীদের ভূমিকা থাকবে না।
ফ্যামিলি কার্ড প্রসঙ্গে তিনি বলেন, কর্মসূচিটির অন্যতম উদ্দেশ্য দেশের মা ও বোনদের স্বাবলম্বী করা। নারীরা স্বাবলম্বী হলে পরিবারও উপকৃত হবে।
প্রধানমন্ত্রী আরও বলেন, বন্ধ হয়ে যাওয়া কলকারখানাগুলো পুনরায় চালু হচ্ছে। এতে নতুন কর্মসংস্থানের সুযোগ তৈরি হবে। পাশাপাশি পরশুরাম উপজেলা হাসপাতালকে ৫০ শয্যা থেকে ১৫০ শয্যায় উন্নীত করা হবে। দেশের প্রতিটি উপজেলায় ১৫০ শয্যার হাসপাতাল নির্মাণের পরিকল্পনা রয়েছে।
মন্তব্য করুন