দেশে যৌথ অভিযানের আনুষ্ঠানিক কোনো সিদ্ধান্ত নেওয়া হয়নি বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি বলেন, পুলিশ, বিজিবি, এসআরবি (সাবেক র‌্যাব) ও আনসারের সমন্বিত কার্যক্রম নিয়মিত প্রক্রিয়ার অংশ। সন্ত্রাস, চাঁদাবাজি ও মাদক নির্মূলে এ কার্যক্রম চলমান রয়েছে এবং ভবিষ্যতে আরও জোরদার করা হবে।

বৃহস্পতিবার (১ অক্টোবর) সকালে রাজধানীর তেজগাঁওয়ে আনসার ও ভিডিপির নতুন সদর দপ্তর নির্মাণের ‘শুভারম্ভ ফলক’ উন্মোচন শেষে প্রেস ব্রিফিংয়ে তিনি এসব কথা বলেন।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, আনসার ও ভিডিপির জন্য তেজগাঁওয়ে ৩.৪২৮ একর জমিতে আধুনিক ও বৃহৎ সদর দপ্তর নির্মাণ করা হবে। বর্তমানে খিলগাঁওয়ে থাকা সদর দপ্তরের জায়গা অপর্যাপ্ত এবং যাতায়াত ব্যবস্থার সীমাবদ্ধতা রয়েছে। নতুন স্থাপনায় এ সংকট দূর হবে।

তিনি জানান, দেশে বর্তমানে প্রায় ২০ হাজার ব্যাটালিয়ন আনসার ও ৬০ হাজার অঙ্গীভূত আনসার রয়েছে। এছাড়া ৩৫ হাজার ভিডিপি দলনেতার অধীনে প্রায় ৬০ লাখ প্রশিক্ষিত জনবল রয়েছে।

আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের দায়িত্বে অবহেলা বা অপরাধে জড়িত থাকার প্রমাণ পাওয়া গেলে বিভাগীয় ব্যবস্থা নেওয়ার পাশাপাশি ফৌজদারি মামলা করা হচ্ছে বলেও জানান তিনি।

ঢাকার ট্রাফিক ব্যবস্থাপনা প্রসঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, অটোমেশন ও এআই প্রযুক্তির মাধ্যমে স্বয়ংক্রিয়ভাবে মামলা প্রক্রিয়া চালু হয়েছে। যানজট কমাতে রাস্তা খনন ও নির্মাণকাজ খণ্ড খণ্ডভাবে সম্পন্ন করে দ্রুত পুনর্নির্মাণের নির্দেশনাও দেওয়া হয়েছে।