বাংলাদেশে সৌরবিদ্যুৎ, বিশেষ করে ছাদভিত্তিক সৌরবিদ্যুতের সুবিধা, সম্ভাবনা ও সম্প্রসারণের প্রতিবন্ধকতা নিয়ে আগৈলঝাড়ায় আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার সকালে উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে আগৈলঝাড়া পল্লী বিদ্যুৎ জোনাল অফিসের আয়োজনে উপজেলার বিভিন্ন ব্যবসায়ী ও রাজনৈতিক নেতৃবৃন্দের অংশগ্রহণে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় সৌরবিদ্যুৎ বিষয়ে জনগণের জ্ঞান, প্রচলিত ভুল ধারণা, সম্ভাবনা ও বিদ্যমান প্রতিবন্ধকতা নিয়ে একটি নীতিপত্র উপস্থাপন করা হয়।
আগৈলঝাড়া পল্লী বিদ্যুৎ জোনাল অফিসের ডেপুটি জেনারেল ম্যানেজার (ডিজিএম) মো. ছিদ্দিকুর রহমানের সভাপতিত্বে সভায় প্রধান অতিথির বক্তব্য দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা নিরুপম মজুমদার।
সভায় উপস্থিত ছিলেন উপজেলা প্রকৌশলী অভিজিৎ মজুমদার, উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত আহ্বায়ক শিকদার হাফিজুল ইসলাম, সদস্য সচিব মোল্লা বশির আহম্মেদ পান্না, সরকারি গৈলা মডেল মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক জহিরুল হক, আগৈলঝাড়া প্রেসক্লাবের সভাপতি মো. শামীমুল ইসলাম শামীম এবং উপজেলা প্রাথমিক সহকারী শিক্ষা কর্মকর্তা মো. মান্নান মিয়াসহ অনেকে।
সভায় বক্তারা বলেন, বাংলাদেশের বিদ্যুৎ ও জ্বালানি খাত আমদানিনির্ভর জীবাশ্ম জ্বালানির ওপর অতিমাত্রায় নির্ভরশীল। এতে প্রতিবছর বিপুল বৈদেশিক মুদ্রা জ্বালানি আমদানিতে ব্যয় হচ্ছে। পাশাপাশি বিদ্যুৎ উৎপাদন ব্যয়, ভর্তুকি ও জ্বালানি নিরাপত্তার ওপরও চাপ তৈরি হচ্ছে।
বক্তারা আরও বলেন, জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবিলা, জনস্বাস্থ্য সুরক্ষা, জ্বালানি নিরাপত্তা ও টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জনে ছাদভিত্তিক সৌরবিদ্যুৎ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। একই সঙ্গে এটি জ্বালানি আমদানিনির্ভরতা কমানো, বিদ্যুৎ খাতে ব্যয় হ্রাস, স্থানীয় পর্যায়ে কর্মসংস্থান সৃষ্টি ও পরিবেশ সুরক্ষায় অবদান রাখতে পারে।
সভায় ছাদভিত্তিক সৌরবিদ্যুৎ সম্প্রসারণে সাধারণ মানুষের সচেতনতার ঘাটতি, প্রচলিত ভুল ধারণা, প্রাথমিক বিনিয়োগের সক্ষমতা, প্রযুক্তিগত জ্ঞান, গ্রিড সংযোগ, নীতিগত সহায়তা ও প্রাতিষ্ঠানিক সমন্বয়সহ বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করা হয়।
মন্তব্য করুন