দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে মানুষের উদ্বেগকে সরকার গুরুত্বের সঙ্গে দেখছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি বলেন, দু-একটি বিচ্ছিন্ন ঘটনাকে কেন্দ্র করে সার্বিক পরিস্থিতি নিয়ে যে ধারণা তৈরি করা হচ্ছে, তা সঠিক নয়। দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি সরকারের নিয়ন্ত্রণে রয়েছে।

বুধবার (৩০ সেপ্টেম্বর) সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, রাজনৈতিক প্রভাব খাটিয়ে বিভিন্ন এলাকায় চাঁদাবাজি ও দখলবাজি নিয়ে ৩৮ বিশিষ্ট নাগরিকের উদ্বেগ সরকার আমলে নেবে। অপকর্মে জড়িতদের কোনো দল নেই, তারা দুর্বৃত্ত। তদন্ত করে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।

দুর্গাপূজাকে কেন্দ্র করে সাম্প্রদায়িক সম্প্রীতি প্রসঙ্গে তিনি বলেন, বর্তমানে দেশে ধর্মীয় সম্প্রীতি অন্য যেকোনো সময়ের তুলনায় বেশি রয়েছে। এবারের দুর্গাপূজায় সরকারের বাজেটও বাড়ানো হয়েছে। গতবারের ৪ কোটি টাকার পরিবর্তে এবার ৫ কোটি টাকা বরাদ্দ দেওয়া হয়েছে।

এ ছাড়া গতবারের তুলনায় এবার সারা দেশে পূজামণ্ডপের সংখ্যা প্রায় ১ হাজার ৫০০টি বেড়েছে। পূজার ছুটিও দুই দিন থেকে বাড়িয়ে তিন দিন করা হয়েছে বলে জানান স্বরাষ্ট্রমন্ত্রী।