শারদীয় দুর্গাপূজা উপলক্ষে সরকারি ছুটির সঙ্গে আরও একদিন ছুটি যুক্ত করেছে সরকার। নির্বাহী আদেশে ২২ অক্টোবর বৃহস্পতিবার সরকারি ছুটি ঘোষণা করায় ২০ থেকে ২৪ অক্টোবর পর্যন্ত টানা পাঁচ দিনের ছুটি পাচ্ছেন সরকারি কর্মকর্তা-কর্মচারীরা।
মঙ্গলবার প্রধানমন্ত্রী তারেক রহমান ২২ অক্টোবর ছুটির অনুমোদন দেন। প্রধানমন্ত্রীর প্রেস সচিব ড. সালেহ শিবলী বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন।
সরকারি ছুটির ক্যালেন্ডার অনুযায়ী, মহানবমী উপলক্ষে ২০ অক্টোবর এবং বিজয়া দশমী উপলক্ষে ২১ অক্টোবর সরকারি ছুটি রয়েছে। এর সঙ্গে ২২ অক্টোবরের ছুটি যুক্ত হয়েছে। পরের দুই দিন ২৩ ও ২৪ অক্টোবর শুক্র ও শনিবার হওয়ায় টানা পাঁচ দিনের ছুটি হচ্ছে।
ফলে দুর্গাপূজাকে কেন্দ্র করে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের আলাদা করে ছুটি নেওয়ার প্রয়োজন হবে না। তবে জরুরি ও অত্যাবশ্যকীয় সেবার ক্ষেত্রে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সিদ্ধান্ত অনুযায়ী দায়িত্ব পালন করতে হবে।
এ বছর ১০ অক্টোবর মহালয়া দিয়ে দুর্গাপূজার আনুষ্ঠানিকতা শুরু হবে। ১৬ অক্টোবর মহাষষ্ঠী, ১৮ অক্টোবর মহাসপ্তমী, ১৯ অক্টোবর মহাষ্টমী, ২০ অক্টোবর মহানবমী এবং ২১ অক্টোবর বিজয়া দশমী পালিত হবে।
মন্তব্য করুন