আজ ২৯ সেপ্টেম্বর, বিশ্ব হার্ট দিবস। হৃদ্রোগ ও রক্তনালির রোগ সম্পর্কে সচেতনতা বাড়াতে প্রতিবছর এ দিনে বিশ্বজুড়ে বিভিন্ন কর্মসূচি পালিত হয়। এবারের বিশ্ব হার্ট দিবসের মূল বার্তা—‘একটি হৃদস্পন্দনও উপেক্ষা করবেন না’। দ্রুত লক্ষণ শনাক্ত করা, হৃদ্স্বাস্থ্যের যত্ন নেওয়া এবং ঝুঁকি কমাতে কার্যকর পদক্ষেপ নেওয়ার ওপর গুরুত্ব দেওয়া হচ্ছে।
বিশ্ব হার্ট ফেডারেশনের তথ্য অনুযায়ী, হৃদ্রোগের অনেক লক্ষণ সবসময় স্পষ্টভাবে প্রকাশ পায় না। আবার উচ্চ রক্তচাপের মতো কিছু ঝুঁকি দীর্ঘদিন কোনো উপসর্গ ছাড়াই থাকতে পারে। তাই অসুস্থ বোধ করার অপেক্ষা না করে আগেভাগেই হৃদ্স্বাস্থ্যের দিকে নজর দেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।
বিশ্ব স্বাস্থ্য সংস্থার হিসাবে, ২০২২ সালে বিশ্বজুড়ে প্রায় ১ কোটি ৯৮ লাখ মানুষ হৃদ্রোগ ও রক্তনালির রোগে মারা যান। এসব মৃত্যুর প্রায় ৮৫ শতাংশের কারণ ছিল হার্ট অ্যাটাক ও স্ট্রোক।
হৃদ্যন্ত্রের যত্নে যা জরুরি
হৃদ্রোগের ঝুঁকি কমাতে দৈনন্দিন জীবনে কিছু স্বাস্থ্যকর অভ্যাস গড়ে তোলা গুরুত্বপূর্ণ। যেমন—
- নিয়মিত শারীরিক পরিশ্রম করা
- শাকসবজি, ফল, পূর্ণ শস্য, ডাল ও বাদামসহ স্বাস্থ্যকর খাবার খাওয়া
- অতিরিক্ত লবণ, চিনি ও প্রক্রিয়াজাত খাবার কমানো
- ধূমপান ও তামাকজাত পণ্য এড়িয়ে চলা
- স্বাস্থ্যকর ওজন বজায় রাখা
- নিয়মিত রক্তচাপ, রক্তে শর্করা ও কোলেস্টেরল পরীক্ষা করা
- পর্যাপ্ত ঘুম ও মানসিক চাপ নিয়ন্ত্রণে রাখা
বিশ্ব স্বাস্থ্য সংস্থার মতে, অস্বাস্থ্যকর খাবার, শারীরিক নিষ্ক্রিয়তা, তামাক ব্যবহারসহ বিভিন্ন আচরণগত ঝুঁকি হৃদ্রোগের সম্ভাবনা বাড়ায়। এসব ঝুঁকি নিয়ন্ত্রণে রাখা গেলে হৃদ্রোগের ঝুঁকিও কমানো সম্ভব।
প্রতিদিন একটু বেশি নড়াচড়া
বিশ্ব হার্ট ফেডারেশনের এবারের কর্মসূচিতে নিয়মিত শারীরিক পরিশ্রমের ওপরও গুরুত্ব দেওয়া হয়েছে। হাঁটা, দৌড়ানো, সাইকেল চালানো, খেলাধুলা বা অন্যান্য শারীরিক কর্মকাণ্ডে নিয়মিত যুক্ত হওয়ার আহ্বান জানানো হয়েছে।
তবে দীর্ঘদিন শারীরিকভাবে নিষ্ক্রিয় থাকলে হঠাৎ কঠোর ব্যায়াম শুরু না করে ধীরে ধীরে শারীরিক কর্মকাণ্ডের অভ্যাস গড়ে তোলার পরামর্শ দেওয়া হয়।
যেসব লক্ষণে দ্রুত চিকিৎসা জরুরি
তীব্র বা দীর্ঘস্থায়ী বুকব্যথা, শ্বাসকষ্ট, অতিরিক্ত ঘাম, বমি বমি ভাব, মাথা ঘোরা কিংবা ব্যথা হাত, কাঁধ, পিঠ, ঘাড় বা চোয়ালে ছড়িয়ে পড়লে বিষয়টি অবহেলা করা উচিত নয়। এসব লক্ষণ দেখা দিলে দ্রুত চিকিৎসা নেওয়া জরুরি। কারণ হৃদ্রোগের ক্ষেত্রে দ্রুত চিকিৎসা পাওয়া গুরুত্বপূর্ণ এবং সবার ক্ষেত্রে লক্ষণ একই রকম নাও হতে পারে।
হৃদ্রোগ ও রক্তনালির রোগ বিশ্বে মৃত্যুর অন্যতম প্রধান কারণ হলেও এর অনেক ঝুঁকি প্রতিরোধ ও নিয়ন্ত্রণ করা সম্ভব। তাই বিশ্ব হার্ট দিবসের সচেতনতা শুধু এক দিনের মধ্যে সীমাবদ্ধ না রেখে প্রতিদিনের খাদ্যাভ্যাস, শারীরিক পরিশ্রম, পর্যাপ্ত ঘুম, তামাক বর্জন এবং নিয়মিত স্বাস্থ্য পরীক্ষার মাধ্যমে হৃদ্যন্ত্রের যত্ন নেওয়ার আহ্বান জানানো হয়েছে।
মন্তব্য করুন