জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে বাংলাদেশের অংশগ্রহণ সার্থক হয়েছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখপাত্র ড. মাহাদী আমিন।
সোমবার (২৮ সেপ্টেম্বর) জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশ প্রতিনিধিদলের অংশগ্রহণ নিয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ কথা জানান।
মাহাদী আমিন বলেন, ২১ সেপ্টেম্বর প্রধানমন্ত্রী নিউইয়র্কে পৌঁছানোর পর চারদিনের সফরে মোট ৩০টি আন্তর্জাতিক কর্মসূচিতে অংশ নেন। এর মধ্যে সাধারণ পরিষদের অধিবেশনে একটি ভাষণ, সাতটি উচ্চপর্যায়ের সভায় বক্তব্য, ১১টি দেশের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক এবং জাতিসংঘসহ ১০টি আন্তর্জাতিক সংস্থার শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে বৈঠক রয়েছে।
তিনি জানান, ২৪ সেপ্টেম্বর সাধারণ বিতর্ক পর্বে বাংলায় দেওয়া বক্তব্যে প্রধানমন্ত্রী বাংলাদেশের গণতান্ত্রিক উত্তরণ, দেশ পুনর্গঠন, নারী ও তরুণদের ক্ষমতায়ন, সামাজিক সুরক্ষা, শিক্ষা, প্রযুক্তি ও উদ্ভাবন এবং এলডিসি উত্তরণে আন্তর্জাতিক সহযোগিতার প্রয়োজনীয়তার কথা তুলে ধরেন। পাশাপাশি রোহিঙ্গা সংকটের টেকসই সমাধান, বিশ্বব্যাপী যুদ্ধ ও মানবিক সংকট মোকাবিলা এবং শান্তি ও বহুপাক্ষিক কূটনীতির ওপর গুরুত্বারোপ করেন।
২৩ সেপ্টেম্বর জলবায়ু পরিবর্তন ও রোহিঙ্গা সংকট নিয়ে আয়োজিত দুটি উচ্চপর্যায়ের সভায় অংশ নেন প্রধানমন্ত্রী। রোহিঙ্গাদের দ্রুত ও টেকসই প্রত্যাবাসন, মিয়ানমারে সহিংসতার অবসান, মানবিক সহায়তা এবং সংঘটিত অপরাধের ন্যায়বিচার ও জবাবদিহিতা নিশ্চিত করার আহ্বান জানান তিনি।
এ ছাড়া সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধির ঝুঁকি নিয়ে উচ্চপর্যায়ের বৈঠকে উদ্বোধনী বক্তব্য দেন প্রধানমন্ত্রী। বাংলাদেশ-সুইডেনের যৌথ উদ্যোগে আয়োজিত সভায় প্রাথমিক স্বাস্থ্যসেবায় মিডওয়াইফদের অন্তর্ভুক্তির গুরুত্বও তুলে ধরেন তিনি।
মাহাদী আমিন বলেন, অধিবেশনের ফাঁকে প্রধানমন্ত্রী তুরস্ক ও ইরানের রাষ্ট্রপতি, মালদ্বীপের উপ-রাষ্ট্রপতি এবং ভুটান, পাকিস্তান, থাইল্যান্ড, ক্রোয়েশিয়া ও হাইতির প্রধানমন্ত্রীর সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করেন। এ ছাড়া সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরাতের উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন।
তিনি আরও জানান, জাতিসংঘ মহাসচিব, বিশ্বব্যাংক গ্রুপের প্রেসিডেন্ট, জাতিসংঘের শরণার্থী ও মানবাধিকারবিষয়ক শীর্ষ কর্মকর্তাসহ বিভিন্ন আন্তর্জাতিক সংস্থা ও প্রতিষ্ঠানের প্রতিনিধিদের সঙ্গেও প্রধানমন্ত্রীর বৈঠক হয়েছে।
সার্বিকভাবে এবারের অধিবেশনে বাংলাদেশের অংশগ্রহণ নতুন সরকারের অঙ্গীকার ও প্রত্যাশাকে বিশ্বপরিসরে তুলে ধরার পাশাপাশি দ্বিপাক্ষিক ও বহুপাক্ষিক সহযোগিতা সম্প্রসারণের সুযোগ তৈরি করেছে বলে জানান মাহাদী আমিন।
মন্তব্য করুন