হরমুজ প্রণালি পুনরায় খুলে দেওয়ার শর্তে ইরানের দেওয়া সাত দিনের যুদ্ধবিরতির প্রস্তাব প্রত্যাখ্যান করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। মার্কিন সংবাদমাধ্যম দ্য ওয়াল স্ট্রিট জার্নাল-এর এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদন অনুযায়ী, আসন্ন মধ্যবর্তী নির্বাচনের পরও ইরানে মার্কিন সামরিক বাহিনীর বোমাবর্ষণ অভিযান অব্যাহত রাখার প্রত্যাশা করছেন ট্রাম্প।

এর আগে নিউইয়র্কে জাতিসংঘের সাধারণ পরিষদে সাংবাদিকদের ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি বলেন, মধ্যবর্তী নির্বাচনের আগেই যুদ্ধবিরতি কার্যকর হওয়া ইতিবাচক হবে। তবে প্রস্তাব গ্রহণের সিদ্ধান্ত পুরোপুরি ওয়াশিংটনের ওপর নির্ভর করছে।

আরাঘচি জানান, ইরানি বন্দরগুলোর ওপর থেকে মার্কিন নৌ-অবরোধ প্রত্যাহারসহ প্রস্তাবের শর্তগুলো পুরোপুরি পূরণ না হওয়া পর্যন্ত হরমুজ প্রণালী খোলা হবে না।

এদিকে এক মার্কিন কর্মকর্তা জানিয়েছেন, মধ্যস্থতাকারীদের মাধ্যমে পারমাণবিক ইস্যুসহ বিভিন্ন বিষয়ে ইরানের সঙ্গে ইতিবাচক ও গঠনমূলক পরোক্ষ আলোচনা চলছে। তবে এক জ্যেষ্ঠ ইরানি কর্মকর্তা রয়টার্সকে বলেছেন, যুক্তরাষ্ট্র যুদ্ধবিরতি প্রস্তাব গ্রহণ করলেও পারমাণবিক কর্মসূচির ক্ষেত্রে তেহরান কোনো নমনীয়তা দেখাবে না।

সূত্র: জেরুজালেম পোস্ট