গণতন্ত্রকে ধ্বংস করতে বিরোধী দল নতুন চক্রান্তে লিপ্ত হয়েছে বলে মন্তব্য করেছেন পানিসম্পদমন্ত্রী ও বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি। বিরোধী দলের কিছু কর্মকাণ্ডের সঙ্গে অতীতে ফ্যাসিস্টদের কর্মকাণ্ডের মিল রয়েছে বলেও মন্তব্য করেন তিনি।
শুক্রবার (২৫ সেপ্টেম্বর) সকালে লক্ষ্মীপুর সদর উপজেলার ভবানীগঞ্জ ইউনিয়নে ওয়াপদাখালের তীর প্রতিরক্ষা কাজের উদ্বোধন অনুষ্ঠানে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
এ্যানি বলেন, বিরোধী দল বিভিন্নভাবে গালিগালাজ করছে এবং এটিকে গণতন্ত্রের সৌন্দর্য হিসেবে তুলে ধরছে। তার দাবি, ১১ দলের দাবি না মানলে বোমাবাজি ও ককটেলবাজি বন্ধ হবে না—এমন বক্তব্যও দেওয়া হচ্ছে।
তিনি আরও অভিযোগ করেন, গাড়িতে আগুন, ককটেল হামলা ও ঝটিকা মিছিলসহ বিভিন্ন কর্মকাণ্ডের সঙ্গে বর্তমান বিরোধী দলের কথাবার্তা ও কর্মকাণ্ডের মিল রয়েছে। দেশের ও সরকারের বিরুদ্ধে ষড়যন্ত্র চলছে দাবি করে তিনি বলেন, আগামী দিনেও রাজপথে এসব কর্মকাণ্ড মোকাবিলা করা হবে।
অনুষ্ঠানে লক্ষ্মীপুর পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী নাহিদ উজ জামান খান, জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক হাছিবুর রহমান, বাফুফের সহসভাপতি ওয়াহিদ উদ্দীন চৌধুরী হ্যাপি এবং সদর (পূর্ব) উপজেলা বিএনপির সভাপতি মাইন উদ্দিন চৌধুরী রিয়াজসহ স্থানীয় নেতারা উপস্থিত ছিলেন।
মন্তব্য করুন