দেশের সব সামাজিক সুরক্ষা কর্মসূচিকে সমন্বয় করে ভবিষ্যতে একটি ‘ইউনিভার্সাল কার্ড’ চালুর পরিকল্পনার কথা জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) নিউইয়র্কে জাতিসংঘ সদর দপ্তরে সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের সাধারণ বিতর্কে দেওয়া ভাষণে তিনি এ কথা বলেন।

নারীর ক্ষমতায়নের লক্ষ্যে ফ্যামিলি কার্ড ও স্পোর্টস কার্ডের উদ্যোগের কথাও তুলে ধরেন প্রধানমন্ত্রী। একই সঙ্গে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ও সামাজিক যোগাযোগমাধ্যমের সুফল সবার কাছে পৌঁছে দিতে জাতিসংঘের একটি কার্যকর নীতিমালা প্রণয়নের আহ্বান জানান।

তিনি বলেন, বিশ্ব এআই, বায়োটেকনোলজি ও বিজ্ঞানের নতুন যুগে প্রবেশ করছে। বাংলাদেশের তরুণ জনগোষ্ঠী ও ক্রমবর্ধমান ডিজিটাল সক্ষমতাকে কাজে লাগাতে উন্নত প্রযুক্তি, জ্ঞান ও গবেষণার সুযোগ সবার নাগালে আনা প্রয়োজন।

তারেক রহমান বলেন, বর্তমান ডিজিটাল বিভাজন যেন ভবিষ্যতে এআই বিভাজনে পরিণত না হয়।

রোহিঙ্গা সংকট প্রসঙ্গে তিনি বলেন, এ সংকটের উৎস মিয়ানমারে, তাই এর সমাধানও সেখানেই নিহিত। জোরপূর্বক বাস্তুচ্যুত রোহিঙ্গাদের নিরাপদে নিজ মাতৃভূমিতে ফিরিয়ে নেওয়াই এ সংকটের একমাত্র সমাধান বলে উল্লেখ করেন তিনি।