বিমান বাংলাদেশ এয়ারলাইনসের বহরে যুক্ত হচ্ছে আরও ১১টি নতুন উড়োজাহাজ। এ নিয়ে যুক্তরাষ্ট্রের উড়োজাহাজ নির্মাতা প্রতিষ্ঠান বোয়িংয়ের সঙ্গে একটি সম্পূরক চুক্তি সই হয়েছে। এর মধ্যে পাঁচটি বোয়িং ৭৮৭-১০ এবং ছয়টি বোয়িং ৭৩৭-৮।

নিউইয়র্কে জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনের সাইডলাইনে আয়োজিত এক অনুষ্ঠানে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের চেয়ারম্যান রুমী এ হোসেন এবং বোয়িংয়ের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট ব্র্যাড ম্যাকমুলেন নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে সই করেন।

বিমান চেয়ারম্যান রুমী এ হোসেন বলেন, নতুন চুক্তি বিমানের বহর আধুনিকায়ন ও নেটওয়ার্ক সম্প্রসারণে গুরুত্বপূর্ণ পদক্ষেপ। দেশের আন্তর্জাতিক আকাশ যোগাযোগ শক্তিশালী করতে দীর্ঘমেয়াদি পরিকল্পনার অংশ হিসেবে এই ক্রয়াদেশ দেওয়া হয়েছে।

বোয়িংয়ের নতুন উড়োজাহাজগুলো বিমানের পরিচালন সক্ষমতা, নমনীয়তা ও দক্ষতা বাড়ানোর পাশাপাশি বিদ্যমান বোয়িং বহরের সঙ্গে সামঞ্জস্য বজায় রাখতে সহায়তা করবে বলে জানানো হয়েছে।

এর আগে আরও ১৪টি উড়োজাহাজ কেনার জন্য বোয়িংয়ের সঙ্গে চুক্তি করেছে বিমান বাংলাদেশ এয়ারলাইনস। নতুন ১১টি উড়োজাহাজসহ দীর্ঘমেয়াদে আধুনিক ও বাণিজ্যিকভাবে টেকসই বহর গড়ে তোলার পরিকল্পনা এগিয়ে নিচ্ছে জাতীয় পতাকাবাহী প্রতিষ্ঠানটি।