আগামী ৪৮ ঘণ্টায় ঢাকাসহ দেশের পাঁচ বিভাগের বিভিন্ন জেলায় ঝোড়ো হাওয়াসহ মাঝারি থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কোথাও কোথাও প্রবল বর্ষণের পাশাপাশি জলাবদ্ধতা ও বজ্রপাতের আশঙ্কাও রয়েছে বলে জানিয়েছে বাংলাদেশ ওয়েদার অবজারভেশন টিম (বিডব্লিউওটি)।
বুধবার (২৩ সেপ্টেম্বর) দেওয়া এক পূর্বাভাসে সংস্থাটি জানায়, খুলনা, বরিশাল, রাজশাহী ও রংপুর বিভাগে বৃষ্টির প্রবণতা তুলনামূলক বেশি থাকতে পারে। এসব বিভাগের বিভিন্ন এলাকায় দফায় দফায় বৃষ্টি হতে পারে।
বরিশাল বিভাগের ভোলা, পটুয়াখালী, বরগুনা, বরিশাল, ঝালকাঠি ও পিরোজপুরে মাঝারি থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। একইভাবে খুলনা বিভাগের বাগেরহাট, খুলনা, সাতক্ষীরা, যশোরসহ বিভিন্ন জেলায় ভারী বর্ষণ হতে পারে।
রাজশাহী বিভাগের রাজশাহী, চাঁপাইনবাবগঞ্জ, নাটোর, পাবনা, সিরাজগঞ্জ, নওগাঁ, বগুড়া ও জয়পুরহাট এবং রংপুর বিভাগের গাইবান্ধা, দিনাজপুর, ঠাকুরগাঁও, পঞ্চগড়, নীলফামারী ও রংপুরে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কোথাও কোথাও নিচু এলাকায় সাময়িক জলাবদ্ধতা তৈরি হতে পারে।
ঢাকা বিভাগের টাঙ্গাইল, মানিকগঞ্জ, ঢাকা, নারায়ণগঞ্জ, মুন্সিগঞ্জ, রাজবাড়ী, ফরিদপুর, মাদারীপুর ও গোপালগঞ্জেও দফায় দফায় মাঝারি থেকে ভারী বৃষ্টি হতে পারে। এর মধ্যে কিছু এলাকায় স্বল্প সময়ের জন্য প্রবল বর্ষণের আশঙ্কা রয়েছে।
এ ছাড়া দেশের অন্যান্য জেলাতেও হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। তবে বৃষ্টির বিস্তার বিক্ষিপ্ত হওয়ায় সব এলাকায় সমানভাবে বৃষ্টিপাত নাও হতে পারে।
মন্তব্য করুন