সারাদেশে হামের উপসর্গ নিয়ে গত ২৪ ঘণ্টায় আরও ১১ শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে সন্দেহভাজন ও নিশ্চিত হামে আক্রান্ত হয়েছেন ১ হাজার ২৭০ জন।

বুধবার (২৩ সেপ্টেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের কন্ট্রোলরুম থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, নতুন শনাক্তদের মধ্যে ১ হাজার ১৫৭ জনের শরীরে হামের উপসর্গ রয়েছে। আর ১১৩ জনকে নিশ্চিত হাম রোগী হিসেবে শনাক্ত করা হয়েছে। এ নিয়ে ১৫ মার্চ থেকে ২৩ সেপ্টেম্বর পর্যন্ত দেশে মোট শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১ লাখ ৮৩ হাজার ৪৪৯ জন। এর মধ্যে নিশ্চিত হাম রোগী ২০ হাজার ৮৫১ জন।

স্বাস্থ্য অধিদপ্তর জানায়, একই সময়ে হামের উপসর্গ নিয়ে সারাদেশে মোট ১ লাখ ৬২ হাজার ৪৮ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। তাদের মধ্যে ১ লাখ ৫৫ হাজার ৬১২ জন সুস্থ হয়ে ছাড়পত্র নিয়ে বাড়ি ফিরেছেন।

গত ২৪ ঘণ্টায় নিশ্চিত হাম আক্রান্ত হয়ে কারও মৃত্যু না হলেও উপসর্গ নিয়ে মারা গেছে ১১ শিশু। ১৫ মার্চ থেকে ২৩ সেপ্টেম্বর পর্যন্ত হামের উপসর্গ নিয়ে মোট ৯৭৫ শিশুর মৃত্যু হয়েছে। এ ছাড়া নিশ্চিত হাম আক্রান্ত হয়ে মারা গেছেন ১০১ জন।