মার্কিন সংবাদমাধ্যমগুলোর সঙ্গে হোয়াইট হাউসের বিরোধের মধ্যেই ২৪ ঘণ্টার স্ট্রিমিং চ্যানেল চালু করেছে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন। ‘ট্রাম্প টিভি: দ্য এসেনশিয়ালস স্টেশন’ নামে চ্যানেলটি হোয়াইট হাউসের ইউটিউব চ্যানেলের মাধ্যমে পরিচালিত হচ্ছে।

হোয়াইট হাউস জানিয়েছে, চ্যানেলটিতে প্রশাসনের ঘোষণা, প্রেসিডেন্টের গুরুত্বপূর্ণ বক্তব্য এবং পুরোনো ভিডিও ফুটেজ ২৪ ঘণ্টা সম্প্রচার করা হবে।

এর আগে সিএনএন, পলিটিকো ও এমএস নাওয়ের সাংবাদিকদের হোয়াইট হাউসে প্রবেশে নিষেধাজ্ঞা দেওয়া হয়। এসব সংবাদমাধ্যম প্রশাসন নিয়ে ‘ভুয়া খবর’ ও নেতিবাচক প্রতিবেদন প্রকাশ করছে বলে অভিযোগ করেছিলেন ট্রাম্প।

শনিবার (১৯ সেপ্টেম্বর) ওই তিন সংবাদমাধ্যমের সাংবাদিকদের হোয়াইট হাউসে প্রবেশে বাধা দেওয়া হয়। সিএনএনের প্রতিবেদনে বলা হয়, প্রতিষ্ঠানটির সংবাদদাতা বেটসি ক্লেইনের প্রেস পাসও জব্দ করা হয়।

এদিকে প্রবেশাধিকার বাতিলের সিদ্ধান্ত চ্যালেঞ্জ করে ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে মামলা করেছে সিএনএন, এমএস নাও ও পলিটিকো। সোমবার (২১ সেপ্টেম্বর) ওয়াশিংটন ডিসির ডিস্ট্রিক্ট কোর্টে মামলাটি করার ঘোষণা দেয় প্রতিষ্ঠানগুলো।

যৌথ বিবৃতিতে তিন সংবাদমাধ্যমের দাবি, সাংবাদিকদের প্রতিবেদনের কারণে কোনো নোটিশ বা যথাযথ প্রক্রিয়া ছাড়াই তাদের প্রেস ক্রেডেনশিয়াল বাতিল করা হয়েছে। তাদের মতে, কোন খবর সংবাদমাধ্যম প্রকাশ করবে বা করবে না—এ সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা সরকারের নেই।

মামলায় হোয়াইট হাউসে সাংবাদিকদের প্রবেশাধিকার পুনর্বহালের দাবি জানানো হয়েছে। জরুরি আবেদনের বিষয়ে চলতি সপ্তাহেই শুনানি হতে পারে বলে জানিয়েছে সংশ্লিষ্ট সংবাদমাধ্যমগুলো।