রাজধানীর তেজগাঁওয়ের নাখালপাড়া হোসেন উচ্চ বিদ্যালয়ে শিক্ষার্থীদের শিক্ষা ও সহশিক্ষা কার্যক্রমকে গতিশীল করতে উন্নয়ন সামগ্রী বিতরণ ও বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) দুপুর ১২টায় বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সংসদ সদস্য ইঞ্জিনিয়ার সানজিদা ইসলাম তুলি।
অনুষ্ঠানে বিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য ক্রীড়া সামগ্রীসহ বিভিন্ন প্রয়োজনীয় উপকরণ বিতরণ করা হয়। পাশাপাশি বিদ্যালয় প্রাঙ্গণে বৃক্ষরোপণ কর্মসূচি পালন করা হয়।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা মহানগর উত্তর বিএনপির ১ নম্বর সদস্য আনোয়ারুজ্জামান আনোয়ার, সদস্য মোজাম্মেল হোসেন সেলিম ও নুরুল হক ভূইয়া নরু, তেজগাঁও থানা বিএনপির আহ্বায়ক ইঞ্জিনিয়ার মিরাজ উদ্দিন হায়দার আরজু, সিনিয়র যুগ্ম আহ্বায়ক হাফিজুর রহমান কবির, বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক রিমন ইসলাম এবং কানাডা বিএনপি ও আন্তর্জাতিক সমন্বয়ক, মায়ের ডাক ও জাতীয় মানবাধিকার সমিতির চেয়ারম্যান মো. মঞ্জুর হোসেন ঈসা।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক আঃ জব্বার।
প্রধান অতিথি ইঞ্জিনিয়ার সানজিদা ইসলাম তুলি বিদ্যালয়ের সার্বিক উন্নয়নে সহযোগিতা অব্যাহত রাখার আশ্বাস দেন। তিনি বিদ্যালয়ের দেয়াল নির্মাণ ও সংস্কার এবং প্রাঙ্গণের মাটি ভরাটের জন্য প্রয়োজনীয় উদ্যোগ নেওয়ার ঘোষণা দেন।
বক্তারা বলেন, শিক্ষার পাশাপাশি খেলাধুলা, সাংস্কৃতিক কর্মকাণ্ড ও সৃজনশীল চর্চার সুযোগ তৈরি করা প্রয়োজন। একই সঙ্গে শিক্ষার্থীদের জন্য সুন্দর ও নিরাপদ পরিবেশ নিশ্চিত করতে বৃক্ষরোপণসহ পরিবেশবান্ধব কার্যক্রম গুরুত্বপূর্ণ।
অনুষ্ঠানে অতিথিরা শিক্ষক-শিক্ষার্থী ও সংশ্লিষ্টদের সঙ্গে মতবিনিময় করেন। এ সময় বিদ্যালয়ের শিক্ষার মানোন্নয়ন ও অবকাঠামোগত উন্নয়নে সম্মিলিতভাবে কাজ করার প্রত্যাশা ব্যক্ত করা হয়।
মন্তব্য করুন